৫ এপ্রিল থেকে বিসিএল ওয়ানডে
তারকা খেলোয়াড় ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলতে অনীহা, পাকিস্তান সিরিজ এবং জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছা—সব মিলিয়ে পিছিয়ে যাচ্ছে প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজি লিগ বিসিএল। তবে আগামী ৫ এপ্রিল থেকে বিসিএলের ফ্র্যাঞ্চাইজিরাই খেলবে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চার দিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল আগামী ২ এপ্রিল। সে ক্ষেত্রে ১৯ এপ্রিল থেকে পাকিস্তান সিরিজের শুরুটা টেস্ট দিয়ে হলেই ভালো হতো। কিন্তু হাথুরুসিংহে চান সিরিজ শুরু হোক ওয়ানডে দিয়ে। কোচের এই ইচ্ছা পূরণ করতেই এবারের বিসিএলে যোগ হচ্ছে সীমিত ওভারের টুর্নামেন্টও।
বিসিএলের চার ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে কাল বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খানই জানিয়েছেন, ‘২ এপ্রিল থেকে চার দিনের ম্যাচ শুরু হলে জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে না। বিসিএল ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে ৫ এপ্রিল থেকে তাই একটা ওয়ানডে টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। পাকিস্তান সিরিজ সামনে রেখে এতে খেলোয়াড়দেরও উপকার হবে।’ ওয়ানডে শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যে চার দিনের ম্যাচের বিসিএলও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন আকরাম। তবে সেটি হবে পাকিস্তান সিরিজের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের ছাড়াই।
বিসিএল ওয়ানডের খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামে। সিঙ্গেল লিগভিত্তিক টুর্নামেন্টের সব ম্যাচ দিবা-রাত্রির। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১১ এপ্রিল।