৫ বছর পর ফিরে সোহেলের ৪ উইকেট

এজবাস্টন টেস্টের আগে সোহেল খান খেলেছেন মাত্র দুটি টেস্টে। অভিষেক ২০০৯ সালের ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। এর পরের টেস্ট ২০১১ সালের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। এর পর প্রায় লম্বা একটা বিরতি। পাঁচ বছর পর টেস্টে ফিরেই নিজেকে চেনালেন সোহেল। সোহেলের বোলিং তোপেই এজবাস্টন টেস্টের প্রথম দিনটা পাকিস্তানের।
পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে এজবাস্টনে আগে ব্যাট করা দল কোনো টেস্ট জিততে পারেনি। টস জিতে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকও তাই সিদ্ধান্ত নিতে একদমই ভাবেননি। তবে আসল কাজটা ছিল বোলারদের। অধিনায়কের সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করতে হবে তো! সেই দায়িত্বটা কাঁধে তুলে নিলেন সোহেল। ৩২ বছর বয়সী পাকিস্তানের এই ডানহাতি পেসারের তোপে পড়ে ১৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।
এই ধাক্কা অবশ্য পরে কিছুটা সামলে ওঠে অ্যালিস্টার কুকের দল। গ্যারি ব্যালান্সের হাফ সেঞ্চুরিতে কক্ষপথে ফেরার চেষ্টা করে ইংল্যান্ড। কিন্তু ইয়াসির শাহর বলে ৭০ রান করে ব্যালান্স আউট হলে আবারও ধাক্কা খায় ইংলিশরা। খানিকক্ষণ ইংল্যান্ডের আশার প্রদীপ হয়ে থাকা মঈন আলী ৬৩ রানে ফিরেছেন মোহাম্মদ আমিরের বলে। এ প্রতিবেদন লেখার সময় ৮২.২ ওভারে ৯ উইকেটে ইংল্যান্ড তুলেছে ২৭৮ রান।
ওয়াহাব রিয়াজের বদলে দলে সুযোগ পেয়ে প্রত্যাবর্তনটা দারুণভাবেই স্মরণীয় করে রেখেছেন সোহেল। দিনের প্রথম সেশনে অ্যালেক্স হেলস আর বিপজ্জনক জো রুটকে ফিরিয়ে দেওয়ার পর দ্বিতীয় সেশনে আউট করেছেন জেমস ভিন্স আর জনি বেয়ারস্টোকেও। দুটি করে উইকেট নিয়েছেন আমির ও রাহাত আলী। ক্রিকইনফো।