৫ মিনিট ফোনে কথা বলেই বাদ দেওয়া হয়েছে ব্রডকে

এবার ব্যাটসম্যানদের কিছু করে দেখাতে বলেছেন ব্রডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজে খুব নিয়মিত খেলার সুযোগ পাননি। তবে সুযোগ পেয়েই নিজেকে নিংড়ে দিয়েছেন। সিরিজের শেষ দুই টেস্টে নিয়েছেন ১১ উইকেট। এক যুগ ধরেই ইংল্যান্ড ক্রিকেট দলের গতি আক্রমণের নেতৃত্বটা দিচ্ছেন জেমস অ্যান্ডারসনের সঙ্গে। টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন। ইতিহাসে নিজের স্থান করে নিয়েছেন যোগ্যতা দিয়েই। কিন্তু ‘নতুন দিনের ইংল্যান্ড’ গড়তে কিনা তাঁকেই বাদ দিয়ে দেওয়া হলো।

স্টুয়ার্ট ব্রডের কথাই হচ্ছে। আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন তিনি জেমস অ্যান্ডারসনের সঙ্গে। ব্রড আর অ্যান্ডারসনকে বাদ দেওয়া নিয়ে সমালোচনা আর বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। ইংলিশ ক্রিকেটে এটিকে ‘ভূমিকম্প’ই বলছেন কেউ কেউ। অ্যান্ডারসন এখনো বিষয়টি নিয়ে কিছু বলেননি। তবে মুখ খুলেছেন ব্রড। ইংল্যান্ড দল থেকে বাদ পড়ে কিছুটা আবেগীও তিনি। আপাতত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন এই ইংলিশ ফাস্ট বোলার।

বাদ পড়াটা মানতেই পারছেন না ব্রড
ছবি: রয়টার্স

পুরো বিষয়টি এত দ্রুত ঘটে যাবে, এত সহজে ঘটে যাবে, সেটি ভাবতেও পারেননি ব্রড, ‘অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে মাত্র পাঁচ মিনিট ফোনে কথা হয়েছে। জানতে পারলাম, আমাকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বিবেচনা করা হচ্ছে না। বিষয়টার সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্টই হচ্ছে। এটাই স্বাভাবিক। যখন মাত্র পাঁচ মিনিটের ফোনালাপে আপনি জানতে পারবেন যে আপনি দলে নেই।’

ডেইলি মেইলে লেখা এক কলামে ব্রড বলেছেন, ‘আমি বিষয়টি ফুলিয়ে–ফাঁপিয়ে তুলতে চাই না, তবে এটা সত্যি যে বিষয়টি আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। আমি আমার সঙ্গী মলিকে এক সকালে ঘুম থেকে উঠে বলেছি, আমার সারা শরীর ব্যথা করছে। সে অবশ্য বলেছে, এটা মানসিক ক্লান্তি, আর কিছু নয়। আমি নিজেকে অনেক বড় কিছু মনে করি না, সোনার মতো দামি কিছুও ভাবি না। তবে সবকিছু ঠিক আছে, এমনটা মনে করা ভুল।’

অ্যাশেজে ১৩ উইকেট নিয়েছেন ব্রড। খেলেছেন পাঁচ টেস্টের তিনটিতে। উইকেট নেওয়ার গড় ২৬—এরপরও তিনি বাদ ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে।

বিশ্বাসই হচ্ছে না তাঁর
ছবি: এএফপি

ইংল্যান্ড ক্রিকেট দলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অবশ্য বলছেন, ব্রড, অ্যান্ডারসন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ পড়েছেন, তার মানে এই নয় যে তাঁদের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তিনি অবশ্য এই দুই সেরা ফাস্ট বোলারের বাদ পড়াটাকে ‘বিশ্রাম’–এর মোড়ক দেওয়ার চেষ্টা করছেন। তবে ব্রডকে আঘাত করেছে একটা জিনিসই—ইংল্যান্ড ক্রিকেট দল নিয়ে নতুন পরিকল্পনায় আপাতত তিনি নেই, ‘আমি অ্যাশেজে শেষ দুই টেস্টে ১১ উইকেট নিয়েছি। আমার বোলিং টেস্ট মানে অনেক দিন ধরেই আছে। সবশেষ আট বছরে আমি বিশ্বমানের—এটা সবাই স্বীকার করবেন। আমি আমার বাদ পড়াটা মেনে নিতাম, যদি আমার পারফরম্যান্সে কোনো ঘাটতি থাকত। কিন্তু আমার মতো কেউ না থাকতেও দল থেকে বাদ পড়াটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমার কাছে যেটি খারাপ লাগছে, সেটি হচ্ছে ইংলিশ ক্রিকেটের নতুন পরিকল্পনায় আমাকে রাখা হয়নি।’

সবশেষ অ্যাশেজে ১৩ উইকেট নিয়েছেন ব্রড। গড় ২৬
ছবি: এএফপি

ব্রড একটা জিনিস ভেবে পাচ্ছেন না, দেশের বাইরে জয়ের যে পরিকল্পনা, সেখানে তিনি থাকবেন না কেন, ‘বিদেশের মাটিতে বেশি বেশি জয়ের পরিকল্পনা যদি থাকে, তাহলে আমি থাকব না কেন? আগামী ৮ মার্চ অ্যান্টিগাতে ইংল্যান্ড দলে থাকার যোগ্যতা আমার নেই, সেটিও আমাকে বিশ্বাস করতে হবে! দলে যখন নেই, সেটি তো মানতেই হবে, এই ব্যাপারটিই আমাকে সবচেয়ে বেশি তাড়া করে ফিরছে।’

ব্রডকে আপাতত তাঁর মা ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন, ‘শুক্রবার মা আমাকে বলেছেন, আপাতত ক্রিকেট নিয়ে না ভাবতে। ক্রিকেটের বাইরে গিয়ে সমস্যা খুঁজে বের করতে। তিনি আমাকে সময় নিতে বলেছেন।’