৫-১ করল যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ ম্যাচও জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগেই সিরিজ জয় নিশ্চিত করা বাংলাদেশের যুবারা কাল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে ৪৫ রানে। এই জয়ে ৭-ম্যাচ সিরিজে বাংলাদেশ যুব দল ব্যবধান বাড়িয়েছে আরও, ৫-১।
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে নেই ৩ উইকেট। চতুর্থ উইকেট জুটিতে শফিউল হায়াত (৮৩) ও মেহেদী হাসান মিরাজ (৫৭) বড় রানের দিকেই নিয়ে যাচ্ছিলেন দলকে। কিন্তু ৩৮তম ওভারে ৪ বলের ব্যবধানে দুজনই আউট। ১৩৮ রানের এই জুটি ভাঙতেই আর কেউ দাঁড়াতে পারেননি উইকেটে। শেষ ৩৭ রান এল ৭ উইকেট হারিয়ে। ভোজবাজির মতো সব পাল্টে ৪৬.২ ওভারে ২১৯ রানে অলআউট বাংলাদেশ দল।
ওই রানই হলো যথেষ্ট। দুই বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ (৫/২৫) ও নিহাদুজ্জামানের (৩/২৩) ঘূর্ণিতে যে সফরকারীরা দিশেহারা। দুজন মিলে নিয়েছেন আট উইকেট। দক্ষিণ আফ্রিকা ৪৫.১ ওভারে ১৭৪ রানে অলআউট। ম্যাচসেরা সালেহ আহমেদ। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল চট্টগ্রামেই।