৫০ বছর পর সোবার্সীয় কীর্তিতে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোস্টন চেজ  বাঁচিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে। ছবি: এএফপি
রোস্টন চেজ বাঁচিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে। ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আরও একটি ঘুরে দাঁড়ানোর গল্প। আরও একটি প্রত্যয়দীপ্ত লড়াই আর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার গল্প। জ্যামাইকার যে টেস্টে জয় হাত–ছোঁয়া দূরত্বে দেখছিল ভারত, যে টেস্টে এদিনের আগ পর্যন্ত ক্যারিবীয় ব্যাটিংয়ের আরেক নাম ছিল ব্যর্থতা। যে টেস্টে ভারতীয় বোলারদের দাপট ঠেকাতে হিমশিম ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং, সে টেস্টের শেষ দিনে যেন ভোজবাজির মতোই যেন পাল্টে গেল সবকিছু।
রোস্টন চেজের দৃঢ় ব্যাটিং, গ্যারি সোবার্সের পর প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে একটি টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তিতে স্যাবাইনা পার্কে জেসন হোল্ডারের দল রেখে নিশ্চিত পরাজয় এড়ানোর এক বীরত্বপূর্ণ গল্প। চতুর্থ দিনের বৃষ্টিকেও যদি সহায়ক হিসেবে ধরা হয়, তারপরেও ক্যারিবীয়দের ঘুরে দাঁড়ানোর এই গল্পের এতটুকু মর্যাদাহানি হয় না। সবচেয়ে বড় বাহবা পাবেন চেজ। ১৯৬৬ সালের পর এই প্রথম কোনো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এমন ‘সোবার্সীয়’ অলরাউন্ড কীর্তি করে দেখালেন।
বৃষ্টির কারণে চতুর্থ দিন মাঠে খেলা গড়িয়েছিল মাত্র ১৫.৫ ওভার। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পঞ্চম দিনের শুরু থেকেই যেন অন্য মানসিকতায় ওয়েস্ট ইন্ডিজ। জেরম ব্ল্যাকউড ঠিক ‘টেস্ট’ খেললেন না। তিনি ভারতীয় বোলিংয়ের গেরোটা আলগা করে দিলেন। ৫৪ বলে ৬৩ রান করে পাল্টা লড়াইয়ের হুংকারটাও শুনিয়ে গেলেন।
এরপর গল্পের বড় অংশজুড়ে আছেন চেজ। ক্যারিয়ারের কেবল দ্বিতীয় টেস্টেই কী অসাধারণ প্রতিরোধ-শক্তির স্বাক্ষরই না রাখলেন। ২৬৯ বল খেললেন একাই, করলেন ১৩৭ রান। বিরাট কোহলির কপালে ভাঁজ ফেললেন; অশ্বিন, ইশান্ত, শামি, মিশ্রদের বানিয়ে দিলেন অকার্যকর। চেজের সঙ্গে যোগ দিলেন শেন ডোরিচ আর অধিনায়ক জেসন হোল্ডার। ডোরিচের ব্যাট থেকে এল ১১৪ বলে ৭৪ আর হোল্ডার ৯৯ বল খেলে ৬৪—এই তিনের ব্যাটিংয়েই হারতে বসা ম্যাচটা বাঁচিয়ে দিল স্বাগতিকেরা। যে ড্র জয়ের গৌরবের চেয়ে কম নয় মোটে।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৮৮। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল ১৯৬ রানেই। ভারতের ইনিংস ঘোষণা আসে ৯ উইকেটে ৫০০ রানের পাহাড় গড়েই। এই রূপবদল ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে নিশ্চয়ই।

হোল্ডারও তা–ই বললেন, ‘অবশ্যই আগের টেস্টের তুলনায় উন্নতি। দারুণ উপভোগ করলাম। খেলোয়াড়দের বলা হয়েছিল লড়াই করতে। নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে, তারা সেটা করেছে। ব্ল্যাকউড ও রোস্টনের মধ্যে জুটিটা জমে উঠেছিল দারুণ। এরপর ডোরিচ এসে যা করল, সেটা ওকে বলাই ছিল। আমরা প্রতিটি বল হিসাব করে খেলেছি। আমরা ধৈর্য নিয়ে ব্যাট করেছি।’
ওয়েস্ট ইন্ডিজের মাঠে এই প্রথমবারের মতো টানা দুটো টেস্ট জয়ের কৃতিত্ব হাতছানি দিয়েছিল ভারতীয়দের। ৮৫ বছরের পুরোনো রেকর্ড উল্টো দেওয়ার মুহূর্তে রোস্টন চেজের বাগড়াটা মন খারাপ করলেও হতাশ নন কোহলি, ‘এটাই টেস্ট ক্রিকেট। খারাপ লাগছে এই ভেবে যে চতুর্থ দিনের পুরোটা বৃষ্টি পণ্ড করে দিয়েছে। যে ধরনের পরিস্থিতি এই টেস্টের ছিল, সেটা বাঁচাতে বিশেষ কিছু করতেই হয়। তবে আমি কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। ওয়েস্ট ইন্ডিজ আজ যা খেলল, তাতে ওদের কৃতিত্বটা স্মরণ করতেই হচ্ছে।’ সূত্র: এএফপি।