৫০ লাখের নায়ারের দাম ৫ কোটি ৬০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

♦ ১১ কোটিতে বিক্রি হয়েছেন লোকেশ রাহুল ও মনীষ পান্ডে
♦ করুন নায়ারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ। তাঁর দাম উঠেছে ৫ কোটি ৬০ লাখ রুপি
♦ কেদার যাদব বিক্রি হয়েছেন ৭ কোটি ৮০ লাখে। অশ্বিন ৭ কোটি ৬০ লাখে
♦ রাহানে, ধাওয়ান—দুজনেরই দাম উঠেছে যথেষ্টই

৫ কোটি ৬০ লাখে বিক্রি হলেন ৫০ লাখের নায়ার। ফাইল ছবি
৫ কোটি ৬০ লাখে বিক্রি হলেন ৫০ লাখের নায়ার। ফাইল ছবি

আইপিএলের একাদশ আসরের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে আবির্ভূত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সাড়ে ১২ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তবে এখন পর্যন্ত নিলামের বিস্ময় হয়ে এসেছেন দুই ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল ও মনীশ পান্ডে। ভারতের প্রথম শ্রেণির আসর রঞ্জি ট্রফিতে সতীর্থ এই দুই ক্রিকেটারই বিক্রি হয়েছেন ১১ কোটি রুপিতে। নিলামে ওঠা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যেটি এখন পর্যন্ত সর্বোচ্চ ।
রাহুলকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। গত মৌসুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। পান্ডেকে কলকাতা নাইট রাইডার্স না রাখায় তিনি মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদের পছন্দ হয়ে ওঠেন। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিতেছে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি।

রাহুলকে এমনিতেই ভারতীয় ক্রিকেটের আগামীর তারকা হিসেবে ধরা হয়। ২০১৬ সালে তিনি তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করেছিলেন। গত মৌসুমে টি-টোয়েন্টি ক্রিকেটে রাহুল ছিলেন ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক—২৭৯ রান করেছিলেন ১৪০.৯০ স্ট্রাইকরেটে। সাধারণত ওপেনিংয়ে নামা রাহুল ৩ কিংবা ৪-এও দলকে সেবা দিতে পারেন।
রাহুল ও পান্ডে যদি বিস্ময় হন, তাহলে করুন নায়ার আলোড়নই তুলেছেন আইপিএলে। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠেছিলেন। তাঁর দাম হু হু করে বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৬০ লাখ রুপি। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই নায়ার।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শিখর ধাওয়ানকে ৫ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। গত মৌসুমেও তিনি হায়দরাবাদে খেলছিলেন। রাহুল-পান্ডে ও নায়ারদের পর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে কেদার যাদবের। ৭ কোটি ৮০ লাখ রুপিতে তিনি খেলবেন চেন্নাই সুপারকিংসে। রবিচন্দ্রন অশ্বিন অবশ্য খুব বেশি পিছিয়ে নেই। কেদারের চেয়ে ২০ লাখ রুপি কমে তাঁকে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। অজিঙ্কা রাহানে বিক্রি হয়েছেন ৪ কোটিতে রাজস্থান রয়্যালসে।