
ছুটির দিন রোববারের রৌদ্রোজ্জ্বল সকাল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তাই এমনিতেই একটু বেশি দর্শক। গ্যালারিজুড়ে তাঁর ছবিসহ ব্যানার-প্ল্যাকার্ড। আগের দিনেই নামের পাশে ৪৯ রান। প্রিয় মাঠে ব্যাট হাতে সঙ্গী এমন একজন, যিনি মাঠের বাইরেও তাঁর প্রাণের বন্ধু। স্মরণীয় একটা বিদায়ী ইনিংস খেলার জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে! আর মাত্র ৫১টি রান করতে পারলেই এমন একটা কীর্তি গড়বেন, যা নেই এমনকি ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকারদেরও। বিদায়ী টেস্টে সেঞ্চুরি!
সেটি পারলেন না মাহেলা জয়াবর্ধনে। দিনের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলটাকে একটু এগিয়ে এসে মিড অনের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন সাঈদ আজমলকে। টাইমিং হলো না। মিড উইকেট থেকে দৌড়ে গিয়ে ক্যাচ নিলেন আহমেদ শেহজাদ। ৫৪ রানে থেমে গেলেন জয়াবর্ধনে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ। সমাপ্তি হলো টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার একটা অধ্যায়ের। মাহেলা জয়াবর্ধনে অধ্যায়।
আউট হয়ে যাওয়ার আগে অবশ্য অন্য আভাসই দিয়েছিল তাঁর ব্যাট। দিনের দ্বিতীয় ওভারেই আজমলকে চার মেরে আগের দিনের ৪৯-কে হাফ সেঞ্চুরি বানিয়েছিলেন। দিনের বেলায়ও আতশবাজির ঝলকানি দেখা গেল এসএসসির গ্যালারিতে। কিন্তু আজমলের ওই বলে ক্ষণিকের ভুলেই সব শেষ। শেষ ইনিংসে অপরাজিত থাকলে গড়টা ৫০-এর ওপরেই রাখতে পারতেন জয়াবর্ধনে। ৯০ করে আউট হলেও তাঁর গড় হত ৫০। কে জানে সেটা মাথায় ছিল কি না! শেষ পর্যন্ত ৪৯.৮৪ গড় দেখে কি কিছুটা আফসোস হচ্ছে জয়াবর্ধনের?
গড়টা ৫০ হয়নি, তবে পঞ্চাশের একটা মাইলফলক ঠিকই ছুঁয়েছেন। বিদায়ী ইনিংসে হাফ সেঞ্চুরিটা টেস্ট ক্রিকেটে তাঁর ৫০তম। হয়েছে কুমার সাঙ্গাকারার সঙ্গে ১৯তম শতরানের জুটিটাও। সব মিলিয়ে ১৪৯ টেস্টে ৩৪ সেঞ্চুরি, ১১ হাজার ৮১৪ রান। টেস্ট ক্রিকেট বিদায় জানাল এক কিংবদন্তি ব্যাটসম্যানকে।
সাদা পোশাকে শেষবারের মতো মাঠ ছেড়ে যাওয়ার সময় তাঁকে দাঁড়িয়ে বিদায় সংবর্ধনা দিল এসএসসির গ্যালারি। ১৬ বছরের আকাশছোঁয়া অর্জনের ক্যারিয়ারের শেষ বেলায় সেই সংবর্ধনা যেন অনেকটাই আবেগাক্রান্ত করে তুলল জয়াবর্ধনেকে। বাদ থাকলেন না প্রতিপক্ষ পাকিস্তানি ক্রিকেটাররাও। জয়াবর্ধনের বিদায় মুহূর্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়েছেন তাঁরাও। দাঁড়িয়েছে শ্রীলঙ্কার ড্রেসিং রুমও। আবেগ সামলে শেষ পর্যন্ত দর্শকদের দিকে ব্যাট তুলে হাসিমুখেই মাঠ ছেড়েছেন জয়াবর্ধনে।
তাঁর বিদায়ের আগেই অবশ্য এমন একটা আবেগঘন পরিবেশ তৈরি করেছিলেন প্রিয় বন্ধু কুমার সাঙ্গাকারা। আগের দিনের ৫৪ রানের সঙ্গে আর মাত্র ৫ রান যোগ করে দিনের চতুর্থ ওভারেই বিদায় নিয়েছেন। তবে মাঠ ছেড়ে যাওয়ার সময় কলম্বোর দর্শকদের দিকে বেশ আবেগাপ্লুত হয়ে ব্যাট নেড়েছেন। কে জানে, দেশের মাটিতে সর্বশেষ টেস্ট ইনিংসটাই খেললেন কি না সাঙ্গাকারা!
বিশ্বকাপের আগে আর দেশের মাটিতে কোনো টেস্ট নেই শ্রীলঙ্কার। আর বিশ্বকাপই যে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মঞ্চ হতে পারে, সেই আভাস তো আগেই দিয়ে রেখেছেন সাঙ্গাকারা।
টেস্ট ক্যারিয়ার (১৯৯৭-২০১৪)
ম্যাচ ইনিংস অপ. রান সর্বোচ্চ গড় ১০০ ৫০ ০
মোট ১৪৯ ২৫২ ১৫ ১১৮১৪ ৩৭৪ ৪৯.৮৪ ৩৪ ৫০ ১৫
দেশে ৮১ ১২৯ ৯ ৭১৬৭ ৩৭৪ ৫৯.৭২ ২৩ ৩৪ ৪
বিদেশে ৬১ ১১০ ৬ ৪৩১৭ ২৭৫ ৪১.৫০ ১০ ১৬ ৯
নিরপেক্ষ ভেন্যুতে ৭ ১৩ ০ ৩৩০ ১২৯ ২৫.৩৮ ১ ০ ২