২০০০ সালের ১০ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্ট অভিষেক। ১৫ বছরের পথ পরিক্রমায় বাংলাদেশ চট্টগ্রামে খেলছে ৯২তম টেস্ট। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা দেশের মাটিতে বাংলাদেশের ৫০তম টেস্ট। বাংলাদেশ সবচেয়ে বেশি ১৪টি টেস্ট খেলেছে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টেই অবশ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছুঁয়ে ফেলবে চট্টগ্রামের দ্বিতীয় টেস্ট ভেন্যুকে। এ ছাড়া বাংলাদেশ দেশের মাটিতে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৯টি, চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে ৮টি, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩টি, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২টি ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১টি টেস্ট খেলেছে। দেশের মাটিতে সবচেয়ে বেশি ৪৯১টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। ৩৯৮ টেস্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে এরপরই। টেস্ট খেলুড়ে ১০ দলের মধ্যে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড—এই তিন দল দেশের চেয়ে দেশের বাইরে বেশি টেস্ট খেলেছে।