প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচের চতুর্থ দিনে এই মাইলফলক ছুঁয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার। এনামুলের ৫০০তম শিকার রংপুরের উদ্বোধনী ব্যাটসম্যান জাহিদ জাভেদ।
ম্যাচ শুরুর আগে ৫০০ উইকেট থেকে ৪ উইকেট দূরে ছিলেন এনামুল। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া এনামুল আজ দিন শুরু করেন ৪৯৯ উইকেট নিয়ে। রংপুরের দ্বিতীয় ইনিংসের শুরুতেই চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডানহাতি ব্যাটসম্যান জাভেদ সিলেটের উইকেটকিপার জাকির হাসানকে ক্যাচ দিলে উল্লাসে ফেটে পড়েন এই অভিজ্ঞ স্পিনার। এ সময় সতীর্থরাও তাঁকে অভিনন্দন জানান।
১৩৬তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে ৫০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন এনামুল। দীর্ঘ ক্যারিয়ারে ৩৪ বার পাঁচ উইকেট পেয়েছেন তিনি, ১০ উইকেট পেয়েছেন ছয়বার। এনামুলের ক্যারিয়ার সেরা বোলিং ৪৭ রানে ৭ উইকেট।
এনামুলের আগে আরেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করেছিলেন। রাজ্জাক ৫০০ উইকেটের মাইলফলক করেছিলেন ১১৩তম ম্যাচে। ৬৩৪ উইকেট নিয়ে তিনি অবসরে গিয়েছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ বোলারের তালিকায় রাজ্জাক ও এনামুলের পর আছেন পেসার মোহাম্মদ শরীফ। ১৩২ ম্যাচে ৩৯৩ উইকেটের মালিক তিনি। চতুর্থ স্থানে রয়েছেন মোশাররফ হোসেন। ১১২ ম্যাচে ৩৯২ উইকেট পেয়েছেন তিনি। পঞ্চম স্থানে আছেন সাকলাইন সজীব। ৯৪ ম্যাচে তাঁর শিকার ৩৬৯ উইকেট।
এনামুলের দল সিলেট অবশ্য হেরে গেছে তৃতীয় রাউন্ডের ম্যাচে। ১৪০ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে রংপুর। তৃতীয় রাউন্ডে জিতেছে খুলনা বিভাগও। ঢাকা বিভাগকে ইনিংস ও ২৭ রানে হারিয়েছে দলটি। খুলনার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় স্তরের দুটি ম্যাচই ড্র হয়েছে। রাজশাহীর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বরিশালের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পেয়েছেন।