৫০০ উইকেটের ক্লাবে অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০০তম উইকেট নেওয়ার পর জেমস অ্যান্ডারসন l এএফপি
৫০০তম উইকেট নেওয়ার পর জেমস অ্যান্ডারসন l এএফপি

প্রথম ইনিংস শেষে জেমস অ্যান্ডারসন থেমেছিলেন ৪৯৯-এ। ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে অবশ্য দেরি করলেন না ইংলিশ পেসার। কাল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভারেই পেয়ে গেলেন কাঙ্ক্ষিত উইকেট। ক্রেগ ব্রাফেটকে বোল্ড করে ঢুকে গেলেন অভিজাত এক ক্লাবে। অ্যান্ডারসনসহ যে ক্লাবে সদস্য মাত্র ছয়জন।

অ্যান্ডারসনের মাইলফলকের ম্যাচে লর্ডস টেস্ট ব্যাটসম্যানদের বড় পরীক্ষাই নিচ্ছে। সেই পরীক্ষায় পরশু প্রথম দিন বেন স্টোকসের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ৬ উইকেট নিয়ে জেসন হোল্ডারদের দলের প্রথম ইনিংস ইংলিশ পেসার গুটিয়ে দিয়েছেন ১২৩ রানে। কাল দ্বিতীয় দিনে স্টোকসকে ভালোই জবাব দিয়েছেন কেমার রোচ। ৪০ টেস্টের ক্যারিয়ারে সপ্তমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়ে দলকে রেখেছেন লড়াইয়ে। ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট ১৯৪ রানে।

রোচের অস্ত্র শুধুই বোলিং। কিন্তু স্টোকস অলরাউন্ডার। দুই হাতে দুটি অস্ত্র তাঁর! ডান হাতে বল আর বাঁ হাতে ব্যাট। সেই ব্যাট হাতেই বোলিং-স্বর্গে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন। স্টোকস আউট হয়ে ফিরেছেন ৬০ রানে। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৯৩ রান তুলেছে ক্যারিবীয়রা। ইংল্যান্ডের  চেয়ে ২২ রানে এগিয়ে জেসন হোল্ডারের দল।

প্রথম ইনিংসে ইংল্যান্ড সত্তরোর্ধ্ব লিড পেয়েছে মূলত দশম উইকেট জুটির কল্যাণে। স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন মিলে তুলেছেন ৩১ রান, ব্রড আউট হয়েছেন ৩৮ রানে। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ১২৩ ও ৩১ ওভারে ৯৩/৩ (পাওয়েল ৪৫, হোপ ৩৫*; অ্যান্ডারসন ২/১৭, ব্রড ১/২৫)। ইংল্যান্ড ১ম ইনিংস: ৫২.৫ ওভারে অলআউট ১৯৪ (স্টোকস ৬০, ব্রড ৩৮, বেয়ারস্টো ২১, ম্যালান ২০; রোচ ৫/৭২, হোল্ডার ৪/৫৪)।

টেস্টে ৫০০ উইকেট

                     ম্যাচ   উইকেট

মুত্তিয়া মুরালিধরন   ১৩৩    ৮০০

শেন ওয়ার্ন          ১৪৫    ৭০৮

অনিল কুম্বলে        ১৩২    ৬১৯

গ্লেন ম্যাকগ্রা         ১২৪    ৫৬৩

কোর্টনি ওয়ালশ     ১৩২    ৫১৯

জেমস অ্যান্ডারসন   ১২৯*    ৫০১

* ম্যাচ চলছে