৫০০ উইকেটের খুব কাছে 'বাতিল' রাজ্জাক

মুমিনুল হকের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে বিসিএলে আজ কঠিন একটা দিন গেল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে রাজ্জাকের দিনটা খারাপ গেছে, সেটি বলার উপায় নেই। প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে ৩০তম ৫ উইকেট পেয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার। রাজ্জাক ৬ উইকেট পেলেও রানের পাহাড় গড়তে সমস্যা হয়নি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের—অলআউট হওয়ার আগে মুমিনুলের দল করেছে ৫৪৬ রান।
২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে জাতীয় দলের দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্জাকের সব মনোযোগ ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেই। গত চার বছরে প্রায় প্রতি মৌসুমেই তিনি ধারাবাহিক উজ্জ্বল। গত বিসিএলেও রাজ্জাক ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি (৬ ম্যাচে ৩৮ উইকেট)। প্রথম শ্রেণির ক্রিকেটেও তিনি বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। ১১১ প্রথম শ্রেণির ম্যাচে যে ৪৯০ উইকেট পেয়েছেন, এর ২৩৯টি এসেছে গত পাঁচ মৌসুমে। আর ৪ উইকেট পেলেই গড়বেন অনন্য এক রেকর্ড—বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে পাবেন ৫০০ উইকেট।
অবশ্য বিসিএলের প্রথম রাউন্ডেই রাজ্জাক কীর্তিটা গড়তে পারবেন কি না, সেটি নিয়ে সংশয় আছে। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১২৮ রান তুলে দিন শেষ করেছে রানের পাহাড়ে চাপা পড়া দক্ষিণাঞ্চল। এখনো তারা পিছিয়ে ৪১৮ রানে। রাজ্জাককে আরেক ইনিংস বোলিংয়ের সুযোগ করে দিতে হলে তাঁর সতীর্থদের ভালো ব্যাটিং করতেই হবে। ফলোঅন এড়াতে দক্ষিণাঞ্চলকে করতে হবে ২১৯ রান।