৫০০তম টেস্টের আগে...

কার্টলি অ্যামব্রোসকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছিল না। টেন স্পোর্টসের ক্যামেরা ক্রু বারবার বুঝিয়ে বলছেন ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট নিয়ে কিছু বলুন। অ্যামব্রোসের পাল্টা প্রশ্ন, ‘কী বলব? আমাকে একটা গাইডলাইন দাও। আমি তো এসবে অভ্যস্ত নই।’ পাশে দাঁড়িয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার ফিল্পি স্পুনারকে কপট ধমক দিয়ে বললেন, ‘তুমি কি ভাই! আমাকে স্ক্রিপ্ট লিখে দেবে না!’
টেস্টের মাঝখানে দেখানোর জন্য মাত্র ২৫ সেকেন্ডের একটা বক্তব্য চাওয়া হয়েছিল অ্যামব্রোসের কাছে। সেটা দেওয়া নিয়েই তাঁর এই নাটক। কিন্তু যখন সত্যি সত্যি ক্যামেরার সামনে বলা শুরু করলেন, অ্যামব্রোস যেন দীর্ঘ রানআপ থেকে দৌড়ে আসা সেই অ্যামব্রোস। কোনো ছন্দপতন নেই। নিখুঁত ডেলিভারি, ‘৫০০তম টেস্ট খেলাটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য একটা বিরাট উপলক্ষ। এই মাইলফলকের অংশ হতে পেরে আমি গর্বিত। আমরা এই টেস্টটা জিতেই স্মরণীয় করতে চাই। জীবনের অর্ধেকটা সময় ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে পার করেছি। সাত বছর আমরা বিশ্বের এক নম্বর দল ছিলাম।’
এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসনও অনেকটা একই ধরনের নাটক করে টেন স্পোর্টসকে সাক্ষাৎকার দিলেন। একবার বলেন আমি নার্ভাস, আরেকবার বলেন কী বলব বুঝতে পারছি না। এই করে তৃতীয়বারে গিয়ে তাঁর ফাইনাল টেকটা নিতে সমর্থ হলেন ক্যামেরা ক্রু। সংক্ষিপ্ত বক্তব্যে রিচার্ডসন বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ৫০০তম টেস্ট খেলবে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের খুব কম দলই ৫০০ টেস্ট খেলেছে। এই অর্জনের জন্য সব ওয়েস্ট ইন্ডিয়ানেরই গর্বিত হওয়া উচিত।’
৫০০তম বনাম ৮৫তমঅ্যামব্রোস বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং উপদেষ্টা। আর রিচি রিচার্ডসন দলের ম্যানেজার এবং ভারপ্রাপ্ত কোচও। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগের এই দুই সাক্ষী তাই অংশ হয়ে যাচ্ছেন ৫০০তম টেস্টেরও। তবে মাঠে থেকে এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেওয়ার গৌরবটা অর্জন করছেন দিনেশ রামদিন। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ এবং তাতেই ৫০০তম টেস্ট খেলার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত ভাবছেন তিনিও, ‘অবশ্যই এটা বিশেষ এক মুহূর্ত। আমরা সবাই এটা নিয়ে রোমাঞ্চিত। তবে এটা নিয়ে আমরা খুব বেশি ভাবতে চাই না। বেসিক ক্রিকেট খেলার দিকে মনোযোগ দিয়ে আগের টেস্টের মতো এই ম্যাচটাও জিততে চাই।’ ক্যারিবিয়ান ক্রিকেটাররা রোমাঞ্চিত হলেও ৫০০তম টেস্ট নিয়ে কোনো হইচই চোখে পড়ছে না এখানে। ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্টের সংবাদ সম্মেলনে সাংবাদিক বলতে ছিলেন বাংলাদেশের চার সাংবাদিক ও ব্রডকাস্টার টেন স্পোর্টসের কয়েকজন কর্মী।
ক্রিস গেইলের দুর্ভাগ্য, ব্যক্তিগত কারণে শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দলের ৫০০তম টেস্টের অংশীদার হতে পারছেন না তিনি। তবে গেইলের অনুপস্থিতিকে বড় কোনো সমস্যা মনে না করে রামদিন বলছেন, ‘গেইলের পরিবর্তে হয়তো লিওন জনসন খেলবে। আমি মনে করি তার জন্য নিজেকে প্রমাণের এটা দারুণ একটা সুযোগ। সুযোগটা সে কাজে লাগাবে বলে আমার বিশ্বাস।’
তিনটি ওয়ানডে খেললেও টেস্ট খেলা হয়নি জনসনের। ইতিহাসের সাক্ষী হওয়ার বড় সুযোগ তো তাঁর সামনেই!