৫০০তম বনাম ৮৫তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিজ্ঞতার নিক্তিতে মাপলে একরকম। ক্রিকেটীয় অনিশ্চয়তার কথা মনে রাখলে অন্য রকম। যদি বলেন অভিজ্ঞতা আর ঐতিহ্যের কথা, ওয়েস্ট ইন্ডিজের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে বাংলাদেশ দল। আর ক্রিকেটীয় অনিশ্চয়তা বলে, এই খেলাটায় নির্দিষ্ট ম্যাচের পারফরম্যান্সই হলো আসল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ঐতিহ্য যত পুরোনোই হোক, আজ নিশ্চয়ই ক্লাইভ লয়েড তাদের হয়ে ব্যাটিং করতে নামবেন না! বল হাতে নেবেন না অ্যামব্রোস-ওয়ালশ! এটা দিনেশ রামদিনের দলের সঙ্গে মুশফিকুর রহিমের দলেরই লড়াই।
আজ থেকে শুরু সেন্ট লুসিয়া টেস্টটাকে তাই দুভাবে দেখা যাক—
৫০০ বনাম ৮৫
ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট। বাংলাদেশের ৮৫তম। ওয়েস্ট ইন্ডিজ দল তাদের প্রথম টেস্ট ম্যাচটি খেলে ১৯২৮ সালে। বাংলাদেশ ২০০০ সালে। দুই দলের পার্থক্য বোঝাতে আর কি কিছু লাগে!
লাগে না। কিন্তু প্রত্যাশা তো অতশত বোঝে না! সময় যত প্রতিকূলই হোক, মনের মধ্যে বাসা বাঁধে আশা। এইবার বুঝি খারাপ সময়টা কাটল। এই বুঝি বাংলাদেশ হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। কিংবা ড্র। বাস্তবতার মাটি থেকে অনেক উঁচুতে উঠে যায় প্রত্যাশার বেলুন। অথচ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি টেস্ট খেলেছে মাত্র দুটি দেশ—ইংল্যান্ড ৯৫২ এবং অস্ট্রেলিয়া ৭৬৭টি।
‘দোষ’টা আসলে ক্রিকেটারদেরই। হঠাৎ হঠাৎ পাওয়া সাফল্যে সবার মাথা তাঁরা এতটাই ঘুরিয়ে দিয়েছেন যে এখন ক্রিকেট মানেই অঘটনের আশা। ৮৬ বছরের টেস্ট ঐতিহ্যের সামনে মাত্র ১৪ বছরের অভিজ্ঞতা যে আটলান্টিকের পাশে পদ্মা-মেঘনার বয়ে চলা, কে বোঝাবে সেটা?
ওয়েস্ট ইন্ডিজের ৫০০ তম টেস্টকঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ অধিনায়ককে তা বোশেজো স্টেডিয়ামের অনুশীলন শেষে প্রশ্ন করা হয়, ৫০০তম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বোকা বানিয়ে নতুন কোনো ইতিহাস গড়ার স্বপ্ন কি দেখেন? এমন উপলক্ষে কতটা অনুপ্রাণিত হন আপনারা? যেন উপলক্ষটা শুধু বাংলাদেশেরই, ওয়েস্ট ইন্ডিজের নয়! এই টেস্টে একটা অঘটন ঘটিয়ে ইতিহাস শুধু বাংলাদেশই গড়তে পারে, মাইলফলক টেস্টে ওয়েস্ট ইন্ডিজ শুধু তাকিয়ে দেখবে!
এসব প্রশ্নে ক্রিকেটাররাও অভ্যস্ত হয়ে গেছেন। কোন প্রশ্নের কী উত্তর, সেটা যেন মুখস্থ! মুশফিকুর রহিম খুব সুন্দর করে গুছিয়ে বললেন, কী কী করলে বাংলাদেশ আজ থেকে শুরু ঐতিহাসিক টেস্টটা জিতে বা ড্র করে এক ইতিহাস গড়তে পারে, ‘গত টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা যেভাবে চেষ্টা করেছে, সেই দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব থাকলে ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারব। ২০ উইকেট নিতে ওদের অনেক কষ্ট করতে হবে। হয়তো বা টেস্টটা আমরা ড্রও করতে পারি।’ মুশফিক যা বললেন তা খুবই সম্ভব। আর এমনও তো নয় যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কখনো টেস্ট ড্র করেনি বা জেতেনি। কিন্তু ওই যে আশার পারদটার হু হু করে ওপরে উঠতে থাকা, সমস্যা ওখানেই। ৮৬ বছরের টেস্ট অভিজ্ঞের সঙ্গে ১৪ বছরের অনভিজ্ঞ কিশোর অপ্রত্যাশিত কিছু করে ফেললে তা নিয়ে অবশ্যই হইচই হবে। কিন্তু এই অসম লড়াইয়ের প্রত্যাশিত ফলাফল আসলে কী হতে পারে সেটাও মনে রাখুন। বাস্তবতাকে মাথা থেকে ঝেড়ে ফেলে শুধু কল্পনাশ্রয়ী হলে আশাভঙ্গের বেদনায় পুড়তে তো হয়। তাতে ক্রিকেটারদের দোষ কতটুকু?
রামদিন বনাম মুশফিক: লড়াইটা যখন এই প্রজন্মের, সেটাকে অভিজ্ঞ-অনভিজ্ঞের সমীকরণে না ফেলে সোজা চোখেও দেখা যায়। এটা পাঁচটা দিন আর ১৫টি সেশনের খেলা। আগে-পিছে না তাকিয়ে ব্র্যাকেটবন্দী এই ক্রিকেটে কে ভালো খেলল সেটাই আসল। বাংলাদেশ দলের কাছে তাই চমক-জাগানিয়া কিছু আশা থাকেই।
৫০০তম টেস্টের আগেপরশু কথা হচ্ছিল বোশেজো স্টেডিয়ামের কিউরেটর কেন্ট ক্রাফটনের সঙ্গে। উইকেট কেমন হবে জিজ্ঞেস করতেই দিলেন ভারসাম্যপূর্ণ একটা উত্তর, ‘স্পোর্টিং উইকেট হবে। বোলাররা মোটামুটি বাউন্স পাবে, আবার ব্যাটসম্যানদের ব্যাটেও বল আসবে।’ তার মানে নিরপেক্ষ আচরণ করবে উইকেট। সেটা হলে দুই দলের সামর্থ্যের ওপরই নির্ভর করবে কে উইকেট থেকে কতটা ফায়দা লুটে নিল।
কিন্তু যাঁরা টেস্টটা খেলবেন, সেই খেলোয়াড়দের কথা বিবেচনা করলে বাংলাদেশ দল কি পূর্ণশক্তি নিয়ে খেলতে পারবে এই টেস্টে? আল আমিনের বোলিং অ্যাকশনে একটা কিন্তু ঝুলিয়ে দিয়েছেন আম্পায়াররা। ত্বকের রোগে আক্রান্ত হয়ে ইমরুল কায়েসও হোটেলবন্দী। এমন নয় যে এ ঘটনাগুলো না ঘটলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ঠেকিয়ে দিত। কিন্তু একাদশ গঠনের কাজে খেলোয়াড় বাছাইয়ের সুযোগটা তো গেল কমে! এখন যেমন চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে, ইমরুলের জায়গায় এনামুল হকের (বিজয়) খেলা অবধারিত। ব্যাটসম্যান শুভাগত হোমকে বসিয়ে দলে বাড়তি পেসার হিসেবে আনা হতে পারে রবিউল ইসলামকে। একই আভাস আছে মুশফিকের কথায়ও, ‘উইকেট দেখলাম বেশ ভালো। সুতরাং একজন বাড়তি বোলার হয়তো আমরা খেলাব। সেটা পেসারও হতে পারে, আবার স্পিনার। শেষ মুহূর্তের উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
৫০০তম টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দিনেশে রামদিনও প্রথার বাইরে যাবেন না, জানা কথা। যথারীতি প্রতিপক্ষ বাংলাদেশকে সম্মান জানিয়ে বলবেন, ‘ঐতিহাসিক এই টেস্টটা আমরা জয় দিয়েই উদ্যাপন করতে চাই।’
পুনশ্চ: ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট তাই আরেকটা সাধারণ টেস্টই। যে টেস্টের ফলাফলে অনুঘটক হবে অভিজ্ঞতার জোর, সঙ্গে পাঁচটা দিন আর ১৫টা সেশনে ভলো খেলার কৃতিত্বও। মাইলফলক টেস্ট নিয়ে ক্যারিবীয় নৃত্য যতই হোক, বাংলাদেশ খেলবে তাদের ৮৫তম টেস্ট ম্যাচই।