৫১ ঘণ্টা ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ৫১ ঘন্টা ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে দুসিংগিজিনামা।
টানা ৫১ ঘন্টা ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে দুসিংগিজিনামা।

দুই-চার পাঁচ ঘণ্টা নয়, টানা তিন দিন ধরে ব্যাট করে যাচ্ছেন একজন। ভাবা যায় ? অবিশ্বাস্য সেই কাজটাই করেছেন রুয়ান্ডার এরিক দুসিংগিজিনামা। নেটে টানা ৫১ ঘণ্টা ব্যাটিং করে নাম লিখিয়েছেন গিনেস বুক অব রেকর্ডসে।

চমকে যাওয়ার অনেক কারণ আছে। টানা ৫১ ঘণ্টা ব্যাটিং এমনিতেই চোখ কপালে তুলে দেওয়ার মতো। তার মানে কি ওই ব্যাটসম্যানের নাওয়া খাওয়া বাদ ছিল ? নাওয়াটা বাদই ছিল, তবে খাওয়া ও স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি এক ঘণ্টা পর পর ৫ মিনিট করে বিরতি নিয়েছিলেন। তবে দুসিংগিজিনামার প্রাণশক্তি এতোটাই বেশি, রেকর্ড গড়ার পর উল্টো হয়ে ডিগবাজি দিয়ে আবার ছবিও তুলেছেন!

প্রশ্ন উঠতে পারে, হঠাৎ এমন অদ্ভুত খেয়াল চাপল কেন ? আর রুয়ানাডার একজনই বা সেটা করলেন কীভাবে? উদ্দেশ্যটা অবশ্য মহৎ, রুয়ান্ডার ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য তহবিল গড়তেই এই কাজ করেছেন দুসিংগিজিনামা। ২০০৩ সালে আইসিসির সহযোগী সদস্যের মর্যাদা পেয়েছিল রুয়ান্ডা। দেশটিতে ক্রিকেটের প্রসার ও নতুন স্টেডইয়ামের জন্য তহবিল গড়তেই ম্যারাথন ব্যাটিংয়ে নেমে গেছেন দুসিংগিজিনামা।


১১ মে থেকে শুরু হয়েছিল এই ক্রিকেটযজ্ঞ। এর পর টানা তিন দিন অনেকেই তাঁকে বল করে গেছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রুয়ান্ডার ব্রিটিশ হাইকমিশনার, মিস রুয়ান্ডা থেকে শুরু করে আরও অনেকেই অবদান রেখেছেন এই রেকর্ড গড়ায়। ৩০ হাজার ডলার অনুদান উঠেছে বলেও জানা গেছে।

টানা ব্যাট করার আগের রেকর্ড অবশ্য বেশদিন আগের নয়। গত বছর ভারতের ভাইজাগ মারে টানা ৫০ ঘণ্টা ব্যাট করেছিলেন। তবে কাজটা কতটা কঠিন সেটা একটা পরিসংখ্যান থেকেই বুঝে নিতে পারেন। গত অ্যাশেজে পুরো অস্ট্রেলিয়া দল যতক্ষণ উইকেটে ছিল, তার চেয়েও পাঁচ ঘণ্টা বেশি ব্যাট করেছেন দুসিংগিজিনামা!