৫৪ মিনিটে ৭ উইকেট হাওয়া, মানতেই পারছেন না গাভাস্কার
ইংল্যান্ডের মাটিতে ভারতের ভেঙে পড়ার গল্প অনেক আছে। কিন্তু কাল হেডিংলিতে বিরাট কোহলিদের ব্যাটিং লাইনআপ হুড়মুড় করে ভেঙে পড়ায় ভারতকে তৃতীয় টেস্টটি হারতে হয়েছে ইনিংস ও ৭৬ রানে। ইনিংস হার এড়াতে ৩৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করেছিল ভারত। চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা ও অধিনায়ক কোহলির লড়াইয়ে একটা পর্যায়ে ভারতের রান ছিল ২ উইকেটে ২১৫। কিন্তু শেষ ৭টি উইকেট ভারত হারায় মাত্র ৫৪ মিনিটে! এই সময়ে মাত্র ৪১ রান তুলতে পেরেছে তারা।
কিংবদন্তি সুনীল গাভাস্কার কোহলিদের এমন ভেঙে পড়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না। এমন ব্যাটিং বিপর্যয়ের পর ভারতীয় দলের ম্যানেজমেন্টের বিষয়টি নিয়ে ভাবার অবকাশ আছে বলেই মনে করেন দলটির সাবেক অধিনায়ক। ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন ৫৫ রান করা ভারতের অধিনায়ক কোহলিকে তুলে নেওয়ার পরই হুড়মুড় করে ভেঙে পরে তাদের ব্যাটিং। কোহলি যখন আউট হয়ে ফেরেন, ভারতের রান ৪ উইকেটে ২৩৭। এরপর আউট হওয়া ছয় ব্যাটসম্যানের রান ছিল এ রকম—অজিঙ্কা রাহানে ১০, ঋষভ পন্ত ১, মোহাম্মদ শামি ৬, ইশান্ত শর্মা ২, রবীন্দ্র জাদেজা ৩০ ও মোহাম্মদ সিরাজ ০! এই ছয় ব্যাটসম্যানকে আউট করতে ইংল্যান্ডের বোলারদের মাত্র ৯.৩ ওভার লেগেছে।
ম্যাচ শেষে সনি স্পোর্টসের অনুষ্ঠানে গাভাস্কার বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমাদের ৮, ৯, ১০ আর ১১ নম্বর ব্যাটসম্যানদের দিকে তাকান। তারা কী দিচ্ছে? লর্ডসে আমরা কিছুটা রক্ষণাত্মক হতে পেরেছি। কিন্তু এটা পরিষ্কার, প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর আমরা খুব বেশিক্ষণ টিকে থাকতে পারব না। যেকোনো পর্যায়েই ৫৪ মিনিটে ৭ উইকেট পড়ে যাওয়ার ব্যাপারটা মেনে নেওয়া একটু কঠিনই।’
কোহলি অবশ্য ম্যাচ শেষে বলেছেন, তাঁর খেলোয়াড়েরা স্কোরবোর্ডের চাপটা নিতে পারেননি, ‘এটা আসলে স্কোরবোর্ডের চাপের কারণেই হয়েছে। আমরা ৮০ রানে অলআউট (৭৮) হয়েছি এবং প্রতিপক্ষ বড় রান করেছে। এরপর থেকেই তো চাপের শুরু। আগের দিন আমরা ভালো জুটি গড়েছি এবং দিন পার করে দিয়েছি। কিন্তু আজ (কাল) সকালে ইংল্যান্ডের বোলাররা খুব চাপে রেখেছে আমাদের। তারা দুর্দান্ত বোলিং করেছে।’