৫৬ ওভারে ৬৯ রান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিন শেষেও কোনো দল শুরু করতে পারেনি দ্বিতীয় ইনিংস। নাটকীয় কিছু না হলে ড্র-ই হতো বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দুটি। হয়েছেও তাই, নাটকের কোনো সুযোগই দেয়নি প্রকৃতি। বৃষ্টি-বাধায় ফতুল্লায় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের ম্যাচ শুরুই হতে পারেনি লাঞ্চের আগে। বেলা পৌনে দুইটায় বৃষ্টি এসে আর এগোতে দেয়নি চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচকে।
ফতুল্লায় আগের দিনের ৮ উইকেটে ৫৩৮ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণাঞ্চলে প্রথম ইনিংস শেষ হয় ৫৪১ রানে। আগের দিনের রানের সঙ্গে আর কোনো রান যোগ না করেই আউট সোহাগ গাজী (১০৬)। ১২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা মধ্যাঞ্চল শুরু থেকেই নিজেদের ঢুকিয়ে নেয় খোলসে। ৫৬ ওভার ব্যাট করে ৪ উইকেটে মাত্র ৬৯ রান তোলার পরই ড্র মেনে নেয় দুই দল। মধ্যাঞ্চলের রকিবুল হাসান ১২০ বলে কোনো চার-ছয় ছাড়াই ১৭ রান করে অপরাজিত থাকেন। দক্ষিণের রাজ্জাক ২৫ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৯ রান করার পর ৭ উইকেট নিয়ে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়া মধ্যাঞ্চল অধিনায়ক মোশাররফ হোসেন।
চট্টগ্রামে পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১০৬ রান তুলতেই বৃষ্টির হানা। দুই ম্যাচ শেষে পূর্বাঞ্চলের পয়েন্ট ৩২। ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। অন্য দুই দল উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের পয়েন্ট যথাক্রমে ১৩ ও ১১। যার অর্থ শেষ রাউন্ডের দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচটাই হয়ে গেছে অঘোষিত ফাইনাল। শেষ রাউন্ডের দিন-তারিখ এখনো ঠিক হয়নি।