৫৭ কোটি টাকার লোকসান স্মিথ-ওয়ার্নারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল বিকৃতি-কাণ্ডে বড় অঙ্কের আর্থিক লোকসান গুনতে হবে স্মিথ-ওয়ার্নারকে। ছবি: এএফপি
বল বিকৃতি-কাণ্ডে বড় অঙ্কের আর্থিক লোকসান গুনতে হবে স্মিথ-ওয়ার্নারকে। ছবি: এএফপি

বল বিকৃতি-কাণ্ডে এক বছর করে নিষিদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ৯ মাস নিষিদ্ধ হয়েছেন ক্যামেরন ব্যানক্রফট। এই নিষেধাজ্ঞায় তাঁরা যেমন খেলার মাঠ থেকে দূরে থাকবেন, তেমনি আর্থিক ক্ষয়ক্ষতিও পোহাতে হবে। লোকসানের অঙ্কটা কিন্তু মোটেও কম নয়।

সাবেক অধিনায়ক স্মিথ ছিলেন অস্ট্রেলিয়া স্কোয়াডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। জাতীয় দল ও আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দলের বেতন, ম্যাচ ফি আর স্পনসর চুক্তি মিলিয়ে এই ১২ মাসে ৫০ লাখ ডলারের (প্রায় ৩১ কোটি টাকা) বেশি লোকসান গুনতে হবে স্মিথকে। অস্ট্রেলিয়া দলে তাঁর বার্ষিক পারিশ্রমিক ২০ লাখ ডলার। এ ছাড়া ন্যূনতম ৪ লাখ ডলার ম্যাচ ফি হারাতে হবে নিষিদ্ধ থাকার সময়ে। আইপিএলেও নিষিদ্ধ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি দল রাজস্থান রয়্যালস থেকে ২৪ লাখ ডলার পারিশ্রমিকও এবার পাচ্ছেন না স্মিথ।

এ তো গেল ম্যাচ ফি আর পারিশ্রমিকের হিসেব। স্পনসর প্রতিষ্ঠানগুলোও ধীরে ধীরে স্মিথের পাশ থেকে সরে দাঁড়াতে শুরু করেছে। কমনওয়েলথ ব্যাংক যেমন তাদের ক্রীড়া দূত হিসেবে স্মিথের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এ ছাড়া শস্য খাদ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যানাটোরিয়াম তাদের ওয়েবসাইট থেকে স্মিথের নাম মুছে ফেলেছে। তবে প্রতিষ্ঠানটি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘নিউ ব্যালান্স’ গত বছর স্মিথকে ক্রীড়া দূত করলেও সম্ভবত স্পনসর চুক্তি বাতিল করবে। সংবাদমাধ্যম নিউ ব্যালান্সের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সব মিলিয়ে স্পনসরের খাত থেকেই আনুমানিক কয়েক মিলিয়ন ডলারের অর্থ হারাবেন স্মিথ।

স্মিথের মতো ওয়ার্নারও এই ১২ মাসে বেশ বড় অঙ্কের আর্থিক লোকসানের সম্মুখীন হবেন। সব মিলিয়ে অঙ্কটা প্রায় ৪০ লাখ ডলার (২৬ কোটি টাকা)। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে তাঁর বার্ষিক আয় ১৫ লাখ ডলার। এ ছাড়া আইপিএলেও নিষিদ্ধ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি দল সানরাইজার্স হায়দরাবাদ থেকে ২৪ লাখ ডলার পারিশ্রমিক হারাবেন অস্ট্রেলিয়া দলের সাবেক এ সহ-অধিনায়ক।

স্পনসর প্রতিষ্ঠানগুলোও ওয়ার্নারের পাশ থেকে সরে দাঁড়াতে শুরু করেছে। কোরিয়ান ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি জানিয়ে দিয়েছে, ওয়ার্নারের সঙ্গে তাঁরা আর চুক্তি নবায়ন করবে না। এ ছাড়া টয়োটা অস্ট্রেলিয়াও ওয়ার্নারের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসর চুক্তি রয়েছে ওয়ার্নারের। এর পাশাপাশি ওয়ার্নার ও ব্যানক্রফটের সঙ্গে স্পনসর চুক্তি বাতিল করেছে ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এসিকস।

স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটদের বল বিকৃতির কলঙ্কে আর্থিক ক্ষতি হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ারও (সিএ)। আর্থিক প্রতিষ্ঠান ম্যাগেলান এরই মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে স্পনসর চুক্তি বাতিল করেছে। দেশটির সংবাদমাধ্যমের মতে, এই স্পনসর চুক্তির আর্থিক মূল্য ছিল ১৭-২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। কেপটাউন টেস্টে বল বিকৃতি-কাণ্ডের আগে নতুন সম্প্রচার স্বত্ব চুক্তির দ্বারপ্রান্তে ছিল সিএ। সংবাদমাধ্যমের মতে, এই চুক্তির আনুমানিক দাম হতো ১০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটদের বল বিকৃতির ঘটনার পর দামটা নেমে আসতে পারে ৭০ কোটি অস্ট্রেলিয়ান ডলারে।