৫৯ বছরের অপেক্ষা ঘুচবে পাকিস্তানের?

অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন সিরিজের আগেই। শেষবারের মতো পাকিস্তানের হয়ে খেলতে নামবেন আজ। কিন্তু এমন অবস্থায়ও নিজেকে নিয়ে ভাবার জো নেই মিসবাহ-উল হকের। আজ যে ইতিহাস গড়ার চাপটা কাঁধে চেপে মাঠে নামবেন মিসবাহ। ৫৯ বছরের অপেক্ষা ঘোচাতে হবে না!
ডমিনিকায় আজ সিরিজ নির্ধারণী টেস্টে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টটা যেমন অনায়াসে জিতেছে পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে ঠিক তেমনই দাপুটে জয় স্বাগতিকদের। ফলে মাত্র তিন সপ্তাহ আগেও যা ভাবা যায়নি, সেটাই হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই আজ টস করতে নামবেন জেসন হোল্ডার!
অথচ এ সিরিজ দিয়েই পাকিস্তানের প্রায় ছয় দশকের দুঃখ ঘোচানোর কথা ছিল। সেই ১৯৫৮ সাল থেকে ক্যারিবীয়দের আতিথ্য নিচ্ছে। প্রথম সিরিজটাই অবিশ্বাস্য কিছু ঘটনার সাক্ষী হয়েছিল। প্রথমে টেস্টে সময়ের হিসেবে টেস্টের সব লম্বা ইনিংসটি হানিফ মোহাম্মদ করেছিলেন ৩৩৭ রান। এক মাস পরেই ৩৬৫ রান করে টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন গ্যারি সোবার্স।
কিন্তু সেসব ঘটন-অঘটনের পর ওয়েস্ট ইন্ডিজই সিরিজ জিতেছে। এরপর থেকেই শুধু আতিথ্য নিয়েই প্রতিবার সন্তুষ্ট হয়ে ফিরছে পাকিস্তান। একসময়ের মহাপ্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ গত দেড় দশক ধরেই ধুঁকছে টেস্ট ক্রিকেটে। তবু ২০০০ সালের পর তিনটি সিরিজে জয় পায়নি পাকিস্তান। কিন্তু ২০০০ সালেও হার নিয়ে ফিরেছে পাকিস্তান। সর্বশেষ দুটি সিরিজ ড্র। আশ্চর্য, এর মধ্যেও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান!
বলাবলি হচ্ছিল, এবারই পাকিস্তানের সেরা সুযোগ। এমনিতেই খেলোয়াড় সংকটে ভোগা ওয়েস্ট ইন্ডিজ এবার আরও দুর্বল। গত দুই বছর প্রায় একাই দলের ভার বহন করা ড্যারেন ব্রাভোও বোর্ডের সঙ্গে মনোমালিন্য হওয়ায় দল ছেড়ে এখন আইপিএলে। ক্রিস গেইল কিংবা সুনীল নারাইনের প্রসঙ্গ আর না–ই তোলা যাক! কিন্তু এমন দুর্বল দল নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ মীমাংসার প্রশ্ন শেষ ম্যাচে নিয়ে এসেছে।
আজ বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া ম্যাচের আগে কৌতূহল একটাই, ৫৯ বছরের অপেক্ষা কি ফুরোবে পাকিস্তানের?