৬ অক্টোবর বিসিবি নির্বাচন
আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামীকাল ২২ সেপ্টেম্বর, পরদিন খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি। ২৩ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ হবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র দাখিল ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ পরদিন। যাঁদের মনোনয়নপত্র বাতিল হবে, তাঁদের আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ছয় দিন পরই নির্বাচন। এর এক দিন পর ৭ অক্টোবর ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।
নির্বাচন সামনে রেখে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় বৈঠকে বসে। দীর্ঘ বৈঠক শেষে নির্বাচনের তফসিল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়। তার আগে আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা হয়ে গেছে। আর এই সভার পর দুই মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান উন্মুক্ত নির্বাচনের ঘোষণা দিয়ে বলছেন, বিসিবিতে তিনি এবার নতুন নেতৃত্ব চান।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন শ্রেণি থেকে কাউন্সিলর হওয়ার কথা মোট ১৭৪ জনের, বোর্ড পরিচালক হবেন ২৫ জন। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক থাকবেন ২ জন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন শ্রেণি থেকে কাউন্সিলর হওয়ার কথা মোট ১৭৪ জনের, বোর্ড পরিচালক হবেন ২৫ জন। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক থাকবেন ২ জন। তবে আজ কাউন্সিলরদের যে খসড়া তালিকা পাওয়া গেল, তাতে বিসিবি নির্বাচনে ভোটার ১৭১ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল শিক্ষা বোর্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে কোনো কাউন্সিলরের নাম আসেনি।