বোল্টে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

অকল্যান্ডে বিশ্বকাপের দুই আয়োজকের লড়াইয়ে দারুণ কিছু দেখারই প্রত্যাশা ছিল দর্শকদের। তাঁরা ‘দারুণ কিছু’ই দেখলেন, তবে বড্ড একতরফা। প্রতিবেশীদের বিপক্ষে যে অস্ট্রেলিয়ার ব্যাটিংটা এত বাজে হবে, সেটা কে ভেবেছিল। কে ভেবেছিল যে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংসটা গুটিয়ে যাবে হাতে ১৭ ওভার রেখেই। এমন কাণ্ডের জন্য আপনি দায়ী করতে পারেন একজনকেই। তিনি হচ্ছেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার মাত্র ২৭ রানে ৫ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে তছনছ করে দিয়েছেন বড় নির্দয়ভাবেই। সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে চেষ্টা করেছিলেন ব্র্যাড হাডিন ও ডেভিড ওয়ার্নার। কিন্তু শেষ রক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার সংগ্রহটাকে কোনোমতেই তাঁরা দুজনে মিলে ১৫১-র বেশি নিতে পারেননি।
এটি অবশ্য অস্ট্রেলিয়ার সর্বনিম্ন বিশ্বকাপ সংগ্রহ নয়। ১৯৮৩ সালে ভারতের বিপক্ষেই আছে তাদের এই লজ্জার রেকর্ড। মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যাওয়ার সেই লজ্জা অবশ্য ছাপিয়ে যাওয়ার দুর্ভাগ্য আজ হয়নি অস্ট্রেলিয়ার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের সংগ্রহ বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। ১৯৮৩ সালে মাত্র ৩০.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫১ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস। আজ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোরবোর্ডে ১৫১ রান তুললেও অন্তত ৩২.২ ওভার বল খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ছিল যথেষ্টই আশা জাগানিয়া। বেশ দ্রুতই রান তুলছিরেন দুই অস্ট্রেলীয় উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নার। ইনিংসের শুরুতেই মাত্র ১৪ বলে দলীয স্কোর ৩০-এ নিয়ে যান এঁরা। ফিঞ্চের ব্যাট থেকে মাত্র ৭ বলে আসে ১৪। মারকাটের ইনিংসটা শুরু হতে না হতেই যবনিকা টেনে দেন টিম সাউদি। ফিঞ্চকে পরিষ্কার বোল্ড করে অস্ট্রেলিয়ার শুরুর তাণ্ডব রোধ করেন তিনি। কিন্তু অপরপ্রান্তে ডেভিড ওয়ার্নার করে যান তাঁর কাজটা। প্রথম পাওয়ার প্লে’তে ৬৮ রান তুলে বড় সংগ্রহের ভিতটা কিন্তু এসময় প্রায় গড়েই ফেলেছিল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় উইকেট জুটিতে শেন ওয়াটসনকে সঙ্গে নিয়ে ৫০ রান যোগ করেন ওয়ার্নার। বাজে ফর্মে থাকা ওয়াটসন অবশ্য তাঁর সংগ্রহটাকে ২৩-এর বেশি নিতে পারেননি। এই দু’জন দলীয় স্কোরটাকে ৮০-তে তুলে ফেলার পরপরই বিপর্যয় নেমে আসে অস্ট্রেলিয়া শিবিরে।
স্কোরবোর্ডে অস্ট্রেলীয় সমর্থকেরা ৮০/১ দেখে যখন স্বস্তি খুঁজে নিচ্ছিলেন, ঠিক তখনই জোড়া আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ এলোমেলে করে দেন কিউই বোলাররা। দলের রান ৮০-তে রেখেই সাজঘরে ফেরেন শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। ওয়াটসনকে ফেরান ভেট্টরি, সাউদির ক্যাচের সাহায্যে। ওয়ার্নারকে এলবি’র ফাঁদে ফেলেন সাউদি।
৮০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া আর সামনে তাকাতে পারেনি। একে একে ফেরেন স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ ও অধিনায়ক মাইকেল ক্লার্ক। এক ধাক্কায় স্কোরবোর্ডের রূপ নেয় এক বিপর্যয়কর চেহারায়। ক্লার্ক, ম্যাক্সওয়েল ও মার্শের উইকেট তিনটি নেন ট্রেন্ট বোল্ট। তিনি এরপর ফেরান মিচেল জনসন ও মিচেল স্টার্ককেও। স্মিথ আউট হন ভেট্টরির বলে। ৮০/১ থেকে মুহূর্তেই অস্ট্রেলীয় ইনিংসের চেহারা হয়ে যায় বিধ্বস্ত-১০৬/৯। শেষ উইকেট জুটিতে ব্র্যাড হাডিন ও প্যাট কামিন্স একটু চেষ্টা করেছিলেন স্রোতের বিপরীতে হাঁটতে। হাডিনের ৪৩ রানের ইনিংস অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডকেও দেয় কিছুটা ভদ্রোচিত চেহারা।
ট্রেন্ট বোল্টই ছিলেন নিউজিল্যান্ডের সেরা বোলার। মাত্র ২৭ রানে তিনি তুলে নেন ৫ উইকেট। ভেট্টরি ও সাউদির দখলে গেছে ২টি করে উইকেট।