টেস্ট বাঁচাল ভারত

পাঁচ ওভার তখনো বাকী। ভারতের শেষ চার উইকেট তুলে নিতে এই পাঁচ ওভার প্রাণান্তকর প্রচেষ্টা অস্ট্রেলিয়া চালাতেই পারত। কিন্তু অধিনায়ক স্টিভেন স্মিথ সেটার প্রয়োজনীয়তা অনুভব করলেন না। হাত মিলিয়ে ফেললেন মাঠেই টেস্ট বাঁচানোর লড়াইয়ে থাকা ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। অমীমাংসার সমাপ্তি হল মেলবোর্ন টেস্টের। গত ১৭ বছরে এই প্রথমবারের মতো মেলবোর্নের কোনো টেস্ট অমীমাংসিতভাবে শেষ হল। এই ড্র অবশ্য অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
শেষ দিনে ৩৮৪ রানের লক্ষ্যমাত্রা ছিল ভারতের সামনে। কিন্তু যাচ্ছেতাই শুরুর পর এই লক্ষ্যের পেছনে ছোটার বোকামিটা করেনি ভারত। বিরাট কোহলি আর অজিঙ্ক রাহানে দারুণ ব্যাটিংয়ে স্বস্তি এনেছিলেন শিবিরে। কিন্তু এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর হঠাৎই ভারতীয় ব্যাটিং শঙ্কা জাগালো পরাজয়ের। ব্যক্তিগত ৫৪ রান করে কোহলি চা বিরতির পর প্রথম বলেই ফিরে যান। রাহানে ফেরেন ব্যক্তিগত ৪৮ রানে। চেতেশ্বর পূজারা ফেরেন তেমন কোনো প্রতিরোধ সৃষ্টি না করেই। শেষের দিকে রবিচন্দ্রন অশ্বিন আর মহেন্দ্র সিং ধোনি পরাজয়ের শঙ্কাটা দূর করে দেন আত্মবিশ্বাসের সঙ্গেই। অশ্বিন অবশ্য নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। তাঁর হ্যাজেলউডের বলে তাঁর স্লিপে তাঁর ক্যাচ ওয়াটসন ফেলে না দিলে পরিস্থিতি অন্যরকম হলেও হতে পারত।
এর আগে, ৩৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ইনফর্ম মুরলি বিজয় এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন হ্যাজেলউডের বলে। শিখর ধাওয়ান অবশ্য দলীয় ২ রানের মাথায় শূন্য রানে এলবি’র ফাঁদে পড়েন, রায়ান হ্যারিসের বলে। মেলবোর্নে অভিষিক্ত লোকেশ রাহুল প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার ঘানি টানেন ১ রানে আউট হয়ে। তাঁকে শেন ওয়াটসনের ক্যাচে পরিণত করেন মিচেল জনসন।
মাত্র ১৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলকে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করেন বিরাট কোহলি আর অজিঙ্ক রাহানে। চতুর্থ উইকেটে ৮৫ রানের জুটি গড়ে পরিস্থিতি ভালোভাবেই সামাল দেন এই দুই ব্যাটসম্যান। চার বিরতির ঠিক পরপরই কোহলি স্কয়ার লেগে বার্নসের ক্যাচে পরিণত হন। এরপর চেতেশ্বর পূজারাকে বোল্ড করেন জনসন। রাহানে হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে ধরা পড়লে পরাজয়ের আশঙ্কা আবার চেপে বসে ভারতের ওপর। তবে নিজেদের মধ্যে ৩২ রানের জুটি গড়ে সেই শঙ্কা দূর করেন ধোনি আর অশ্বিন। ধোনি ২৪ আর অশ্বিন ৮ রানে অপরাজিত থাকেন। এর আগে আউট হওয়ার আগে পূজারা করেন ২১ রান।
অস্ট্রেলীয় বোলারদের মধ্যে মিচেল জনসন, রায়ান হ্যারিস ও জশ হ্যাজেলউড প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট।
এদিকে, ৩২৬ রানে এগিয়ে থেকে কাল চতুর্থ দিন শেষ করা অস্ট্রেলিয়া আজ পঞ্চম দিনের শুরুতে যোগ করে আরও ৫৭ রান। ৯ উইকেটে ৩১৮ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। আগের দিন ৬২ রানে অপরাজিত শন মার্শ আজ সেঞ্চুরির খুব কাছে পেঁৗছে গিয়েছিলেন। কিন্তু ৯৯ রানে তিনি শিকার হন দুর্ভাগ্যজনক রান আউটের। মেলবোর্নে তৃতীয় অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে সাজঘরে ফিরলেন তিনি। এর আগে অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ নয় ইনিংস পর পঞ্চাশোর্ধ ইনিংসের দেখা পান তিনি।
ভারতীয় বোলাররা এই ইনিংসে সবাই ছিলেন সফল। উমেশ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন—প্রত্যেকেই জোড়া উইকেট ঝুলিতে পুড়েছেন।
মেলবোর্ন টেস্ট ড্র হওয়ায় টানা ১৩ টেস্ট পর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার কোনো টেস্ট অমীমাংসিতভাবে শেষ হল। এই ১৩টি টেস্টেই জয়ের স্বাদ পেয়েছে স্বাগতিক দল। ২০০৮ সালে এই দুই দলের মধ্যকার দিল্লি টেস্টটি অমীমাংসিতভাবে শেষ হওয়ার সর্বশেষ উদাহরণ।
১৯৯৭ সালে এই মাঠে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টটি সর্বশেষ ড্র হয়েছিল। আগেই বলা হয়েছে মেলবোর্ন ক্রিকেট মাঠে টানা ১৭ বছর ধরে অনুষ্ঠিত টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেউ অপরাজিত থাকতে পারেনি।
এই সিরিজে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে সর্বমোট ৪৯৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ‘চার নম্বরে ব্যাট করা কোনো বিদেশি’ই এখনো পর্যন্ত রান সংগ্রহে ‘৫০০’ অঙ্ক ছুঁতে পারেননি। সেদিক দিয়ে সবচেয়ে কাছে গেছেন কোহলিই। সূত্র: স্টার স্পোর্টস
সংক্ষিপ্ত স্কোরকার্ড
অস্ট্রেলিয়া ৫৩০/১০ (প্রথম ইনিংস)
স্টিভেন স্মিথ ১৯২, রায়ান হ্যারিস ৭৪
ক্রিস রজার্স ৫৭, ব্র্যাড হাডিন ৫৫
শেন ওয়াটসন ৫২
মোহাম্মদ শামি ৪/১৩৮, উমেশ যাদব ৩/১৩০
ভারত ৪৬৫/১০ (প্রথম ইনিংস)
বিরাট কোহলি ১৬৯, অজিঙ্ক রাহানে ১৪৭
মুরলি বিজয় ৬৮
রায়ান হ্যারিস ৪/৭০, মিচেল জনসন ৩/১৩৫
অস্ট্রেলিয়া ৩১৮/০ ((দ্বিতীয় ইনিংস ডিক্লে:)
ক্রিস রজার্স ৬৯, ডেভিড ওয়ার্নার ৪০
শন মার্শ ৯৯
উমেশ যাদব ২/৮৯, ইশান্ত শর্মা ২/৪৯
মোহাম্মদ শামি ২/৯২, রবিচন্দ্রন অশ্বিন ২/৭৫
ভারত ১৭৪/৬ (দ্বিতীয় ইনিংস)
বিরাট কোহলি ৫৪, অজিঙ্ক রাহানে ৪৮
মিচেল জনসন ২/৩৮, রায়ান হ্যারিস ২/৩০
জশ হ্যাজেলউড ২/৪০
( ফল: ম্যাচ অমীমাংসিত)