৬ উইকেটের পর শুভাগতর সেঞ্চুরি

পরশু বোলিংয়ে ঝলক দেখিয়েছেন শুভাগত হোম। জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার ফতুল্লায় বিসিএলের ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। তাঁর দল ওয়ালটন মধ্যাঞ্চল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে অলআউট করে ২৬০ রানে। কাল ফতুল্লায় নিজেকে চেনালেন ব্যাটসম্যান শুভাগতও। ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে মধ্যাঞ্চল যখন কাঁপছে তখনই মঞ্চে আবির্ভাব জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডারের। আটে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ঠিক ১০০ রান করেছেন শুভাগত। ২৯৯ রানে অলআউট হলেও মধ্যাঞ্চল প্রথম ইনিংসে লিড পেয়েছে ৩৯ রানের।
বিসিএলে এক ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় খেলোয়াড় শুভাগত। প্রথমজন অলক কাপালি। অলকের কীর্তিটা গত মৌসুমে উত্তরাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে। প্রথম ইনিংসে ১৫৪ করেছিলেন অলক, উত্তরের প্রথম ইনিংসে বল হাতে না নিলেও দ্বিতীয় ইনিংসে ৭০ রানে ৫ উইকেট পেয়ে যান।
কাল শুভাগত ১০৯ রানের জুটি গড়েন তাইবুর রহমানকে নিয়ে। সাতে নামা তাইবুর করেছেন ৪৪। শুভাগতর ১২৫ বলের ইনিংসে চার ১১টি, ছক্কা একটি। প্রথম শ্রেণিতে এটা তাঁর নবম সেঞ্চুরি। মধ্যাঞ্চলের শুরুটা খারাপ ছিল না। ১ উইকেটে ৯০ রান তুলে ফেলার পরই ধস। ৪২ রান তুলতেই নেই ৫ উইকেট। ৪ উইকেট নিয়ে দক্ষিণের অধিনায়ক রাজ্জাক ইনিংসের সেরা বোলার।
চট্টগ্রামে আফিফের পর সেঞ্চুরি পেয়েছেন পূর্বাঞ্চল সতীর্থ ইয়াসির আলীও। পাঁচে নেমে ২৫০ বলে অপরাজিত ১১০ রান করেছেন ইয়াসির। ৩ উইকেটে ২৯৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল অলআউট হয়েছে ৪৯০ রানে। ৩৩০ রানে ৬ উইকেট হারানোর পর আবুল হাসানকে (৪৬) নিয়ে সপ্তম উইকেটে ৭৭ রান যোগ করেছেন ইয়াসির। এই ইনিংসেই ৩ উইকেট নেওয়ার পথে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন উত্তরের সানজামুল ইসলাম। তাঁর দল দিন শেষ করেছে বিনা উইকেটে ২৮ রান তুলে।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল, ফতুল্লা * প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৬০। ওয়ালটন মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৯১ ওভারে ২৯৯ (শুভাগত ১০০, সাইফ ৪৯, তাইবুর ৪৪, মজিদ ৩৮; রাজ্জাক ৪/১১৮, রুবেল ২/৫৭, জিয়া ১/৩১, মোস্তাফিজ ১/৩৪, সোহাগ ১/৫২)।
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল, চট্টগ্রাম * ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৬৯.৫ ওভারে ৪৯০ (ইয়াসির ১১০*, আফিফ ১০৫, ইমতিয়াজ ৮১, জাকির ৬৪, আবুল হাসান ৪৬, তাসামুল ৩৪; ইয়াসিন ৩/৬১, সানজামুল ৩/১৩১, আরিফুল ২/৬৪, নাসির ১/৬২, সোহরওয়ার্দী ১/৮৫)। বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮ ওভারে ২৮/০ (জুনায়েদ ১৫*, নাজমুল ১৩*)।