প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে একটিও ছক্কা হয়নি। টি-টোয়েন্টিতে দুই দলের সাতবারের মুখোমুখিতে এই প্রথম কোনো ম্যাচে একবারও বল উড়ে গিয়ে গ্যালারিতে পড়েনি। তবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ফল হয়েছে এমন আরও পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ছক্কা হয়নি। প্রথম এমন ঘটনা ঘটেছে ২০১০ সালে গায়ানায় নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচে। দ্বিতীয় ঘটনাটিও ওই বছরই। কার্ডিফে ইংল্যান্ড ও পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই বল উড়িয়ে বাউন্ডারি পার করতে পারেননি। ছক্কাবিহীন টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানও হয়েছে ওই ম্যাচে, দুই দল মিলে করেছিল ২৫৫ রান। ২০১২ ছক্কাবিহীন টি-টোয়েন্টি দেখেছে দুটি, কেনিয়া-আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচে। ছক্কাবিহীন টি-টোয়েন্টির বাকি ঘটনাটি ঘটেছে গত বছর, আবুধাবিতে হংকং ও ওমানের মধ্যে ম্যাচে।