৬ মাস পর বাবরের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ মাস পর ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। ছবি এএফপি।
৬ মাস পর ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। ছবি এএফপি।

পাকিস্তান ক্রিকেটে ধূমকেতুর মতোই আগমন ঘটেছিল বাবর আজমের। বয়সভিত্তিক দলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পাকিস্তান ‘এ’ দলে উঠে এসেছিলেন। সেখানে নিজেকে প্রমাণ করেই প্রবেশ করেছিলেন জাতীয় দলে। কিন্তু জাতীয় দলে সেই স্ফুলিঙ্গটা দেখাতে পারছিলেন না। ইনিংসের শুরুটা ভালো হলেও সেটি বড় হচ্ছিল না। প্রথম ১৫ ম্যাচে ফিফটি করেছিলেন মাত্র ৫টি। কিন্তু নিজেকে বদলেই বাবর হয়ে উঠেছেন পাকিস্তান ক্রিকেট দলের ভরসার নাম। যেখানে প্রথম ১৫ ইনিংসে মাত্র ৫টি ফিফটি করেছিলেন, সেখানে এর পরের ১০ ইনিংসেই করলেন ৫টি সেঞ্চুরি আর একটি ফিফটি!

বাবরের সেই পুরোনো চেহারাটা আবারও কাল দেখা গেল দুবাইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ওয়ানডের সিরিজের প্রথম ওয়ানডেতে বাবরের সেঞ্চুরিতেই ‘স্বরূপে’ ফিরল পাকিস্তান। লঙ্কানদের ৮৩ রানে হারিয়ে ওয়ানডে সিরিজের সূচনাটা দারুণ করেছে সরফরাজ আহমেদের দল। বাবর কাল সেঞ্চুরি পেয়েছেন ৬ মাস বিরতি দিয়ে।

ওপেনার আহমেদ শেহজাদের আরও একটি ব্যর্থতার দিনে ৪ ওভার শেষেই উইকেটে যেতে হয়েছিল বাবরকে। আউট হয়েছেন ৪৯তম ওভারে। ততক্ষণে পাকিস্তানের রান ২৬৯। ১৩১ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন, বাউন্ডারি মেরেছেন মাত্র ৫টি। টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের যুগে দারুণ এক ধৈর্যশীল ইনিংসে খেললেন লাহোরের ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

উইকেটে রান তোলা সহজ ছিল না। লঙ্কান পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষেও রানের চাকা সচল রেখেছিলেন বাবর ও শোয়েব মালিক। ৬১ বলে ৮১ রান করেছেন মালিক। শেষ ছয় ওভারের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ২৯৩ রানের টার্গেট দেয় পাকিস্তান।

রান তাড়ার শুরুটা ভালোই ছিল, উপুল থারাঙ্গা ও নিরোশান ডিকভেলা প্রথম ১৯ বলেই ৫টি বাউন্ডারি আদায় করে নেন। কিন্তু ডিকভেলা আউট হতেই মড়ক শুরু। লাহিরু থিরিমান্নে আর আকিলা ধনঞ্জয়ার দুটি ফিফটিতে ২০০ রানের কোটাই কেবল পেরিয়েছে শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান তুলতে পেরেছে থারাঙ্গা বাহিনী।

পেসার রুম্মন রইস ও হাসান আলী দুজনই নিয়েছেন ৩ উইকেট করে। ফিফটির পাশাপাশি ৫ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ম্যাচসেরা হয়েছেন শোয়েব মালিক। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।