৬ মিনিট হৃৎস্পন্দন বন্ধ থেকেও বেঁচে ফিরলেন হানিফ মোহাম্মদ

চিকিৎসক তাঁকে মৃতই ঘোষণা করেছিলেন। সেই সূত্রে ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদের মৃত্যুর খবর ছড়িয়েও পড়েছিল। কিন্তু তাঁর ছেলের সূত্রে জানা গেছে, অনেকটা অলৌকিকভাবে ছয় মিনিট হৃৎস্পন্দন বন্ধ থাকার পরও বেঁচে ফিরেছেন হানিফ। যদিও পাকিস্তানের করাচির একটি হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন ক্রিকেটের প্রথম ‘লিটল মাস্টার’।
নানা রকম শারীরিক সংকট নিয়ে কদিন আগে আগা খান হাসপাতালে ভর্তি হন ৮১ বছর বয়সী হানিফ মোহাম্মদ। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। গত রোববার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কৃত্রিমভাবে শ্বাস–প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করা হয়। আজ তো আশাই ছেড়ে দিয়েছিলেন সবাই। ছয় মিনিট ধরে হৃৎস্পন্দন ছিল না তাঁর। তবে অবিশ্বাস্যভাবে আবারও হৃৎস্পন্দন ফিরে আসে তাঁর। এখনো আইসিইউতে আছেন হানিফ।
তিন বছর ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছেন হানিফ। এর আগে লন্ডন থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরলেও পরে তা আরও ছড়িয়ে পড়ে। সবাই প্রার্থনা করছেন, মৃত্যুর সঙ্গে এই লড়াইটায় যেন বেঁচে ফিরতে পারেন হানিফ।
পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট খেলে ১২টি সেঞ্চুরি করেছেন। ব্যাটিং গড় ৪৩.৯৮। ১৯৫৭-৫৮ মৌসুমে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ৩৩৭ রানের ইনিংসটা অমর হয়ে আছে ইতিহাসে। টেস্টের তৃতীয় দিন বিকেলে ৪৭৩ রানে পিছিয়ে থেকে ফলো অনে পড়া পাকিস্তান দলকে তিনি ওই মহাকাব্যিক ইনিংসটি দিয়েই হার থেকে বাঁচিয়েছিলেন।
১৯৫৮-৫৯ মৌসুমে হানিফ প্রথম শ্রেণির ক্রিকেটে স্যার ডন ব্র্যাডম্যানের করা সর্বোচ্চ ইনিংসটিকে ছাড়িয়ে যান। তবে দুর্ভাগ্য, নিজের ৫০০তম রানটি নিতে গিয়ে ৪৯৯ রানে রানআউট হন। ৩৫ বছর পর, ১৯৯৪ সালে ব্রায়ান লারা ছাড়িয়ে যান তাঁকে।
এই মোহাম্মদ পরিবার থেকেই উঠে এসেছে পাঁচজন টেস্ট ক্রিকেটার। সূত্র : দ্য ডন, এক্সপ্রেস।