৬-১-এ জিতল অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ থেকে ৫০তম ওভারের মধ্যে ৬ ওভারের এক স্পেলে ৫ উইকেট। পঞ্চম যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখের গ্রাস কেড়ে নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে জিতিয়েছিলেন মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতেও বাংলাদেশ যুবদলের ত্রাতা সাইফউদ্দিন, এবার ব্যাট হাতে অপরাজিত ৩৪ রান করে।
২৩৩ রানের লক্ষ্য, হঠাৎ খেই হারানো বাংলাদেশ ২১৭ রানে হারায় নবম উইকেট। সমীকরণটা তখন ১১ বলে ১৬ রান। পরের ৩ বলে ৫ রান ১১ নম্বর ব্যাটসম্যান সালেহ আহমেদের। ওভারের শেষ বলে ১ রান নিয়ে স্ট্রাইক ধরে রাখা সাইফউদ্দিন শেষ ওভারের প্রথম ৪ বলেই ৩টি চার মেরে জিতিয়ে দিলেন দলকে। ২ বল ও ১ উইকেট হাতে রেখে পাওয়া এই জয়ে ৭ ম্যাচের সিরিজটা ৬-১-এ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ব্যাট হাতে কার্যকর এই ইনিংসের পাশাপাশি বল হাতেও ৪৪ রানে ২ উইকেট। সুবাদে ম্যাচসেরাও সাইফউদ্দিনই।
এর আগে ৫০ ওভার খেলে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৬ উইকেটে ২৩২। ৪৯ বলে সর্বোচ্চ ৫৩ রান পাঁচ নম্বর ব্যাটসম্যান দায়ান গালিয়েমের। জবাবে অধিনায়ক নাজমুল হাসান (৫৫), সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (৬১) ফিফটিতে ৪১ ওভারে ৪ উইকেটে ১৮৫ রান তোলে বাংলাদেশ। কিন্তু পরের ৩২ রান তুলতেই আরও ৫ উইকেট চলে যায় বাংলাদেশের এবং নাটকীয় ম্যাচে উদ্ধারকর্তা হন সাইফউদ্দিন।
২০০৪ সাল থেকে এ পর্যন্ত ১২টি দ্বিপাক্ষিক যুব ওয়ানডে সিরিজ খেলে ১১টিতেই জিতল বাংলাদেশ।