৬-৬-০-৩, কেঁপে উঠল ভারত

পুরো দিনে টেনেটুনে হয়েছে মাত্র ৭১ বল। আরও পরিষ্কার করে বললে ১১.৫ ওভার। এটুকু সময়েই কেঁপে উঠল ভারত। ইডেন গার্ডেনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ১৭ রানে স্বাগতিক দলের ৩ উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কা দল।
শ্রীলঙ্কা দল না বলে শুধু সুরঙ্গা লাকমল বললেও ভুল হতো না। ভারতের ইনিংসকে এমন জীর্ণশীর্ণ রূপ তো দিয়েছেন এই পেসারই। বৃষ্টি বিঘ্নিত দিনে পরিবেশের সর্বোচ্চ ফায়দা তুলে কী বোলিংটাই না করলেন লাকমল! ৬ ওভার বল করে কোনো রান দেননি। এখানেই শেষ নয়, ভারতের তিন উইকেটই গেছে এই স্লিঙ্গিং অ্যাকশনের বোলারের পকেটে।
ম্যাচের প্রথম বলেই লোকেশ রাহুলকে উইকেটকিপারের ক্যাচ বানালেন। তাঁর ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ানকে বাজে এক শট খেলতে বাধ্য করে করলেন বোল্ড। এরপরই ভারতকে দিলেন আসল ধাক্কা। ১১ বল খেলে শূন্য রানে আটকে থাকা বিরাট কোহলিকে দারুণ এক সিম বলে করে দিলেন এলবিডব্লিউ। আলোক-স্বল্পতায় খেলা থামার সময় তাঁর বোলিং ফিগারটা ছিল দেখার মতো, ৬-৬-০-৩!
এর আগে বৃষ্টি-বাধায় দিনের প্রথম সেশনে কোনো বল গড়ায়নি। দ্বিতীয় সেশনে মাত্র ৮.২ ওভার খেলা হলেও এর মধ্যেই দুই ওপেনারকে হারিয়েছে ভারত। শেষ সেশনেও মাত্র ৩.৩ ওভার খেলা হয়েছে। ভারত কোনো রান নিতে পারেনি—এ সময়ে উল্টো কোহলি ফিরে বাড়িয়ে দিয়েছেন দলের দুর্দশা।