৬০০ বলের মামলা শেষ ৬০ মিনিটে!

>কেন্ট ক্রিকেট লিগের ওয়ানডে ম্যাচে মাত্র ১৮ রানে গুটিয়ে গেছে বেকেনহাম!
স্কুলে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হতো ‘ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল।’ বেকেনহাম ক্লাবের ‘কীর্তি’ দেখে এখন যে কেউ রসিকতা করতে পারেন, ‘সাংবাদিক আসিবার পূর্বেই ম্যাচ শেষ হইয়া গেল’!
ভ্রুকুটির আগে আসল ঘটনা শুনুন। শনিবার কেন্ট ক্রিকেট লিগে বেক্সলের মুখোমুখি হয়েছিল বেকেনহাম। দুটিই প্রথম শ্রেণির দল। ৫০ ওভারের এই ম্যাচ কভার করতে মাঠে যেতে কয়েক মিনিট দেরি হয়ে গিয়েছিল এক ইংরেজ সংবাদকর্মীর। পড়িমরি করে মাঠে ঢুকেই তাঁর চোখ ছানাবড়া—আগে ব্যাটিংয়ে নামা বেকেনহামের ৮ উইকেট নেই! বাকি ২ উইকেটও পড়েছে প্রায় চোখের পলকে। সব মিলিয়ে ৪৯ মিনিট স্থায়ী হয়েছে দলটির ইনিংস—১১.২ ওভারে তাঁরা গুটিয়ে গেছে মাত্র ১৮ রানে!

সেই সংবাদকর্মী মাঠে যাওয়ার আগে ম্যাচ শেষ না হলেও খুব একটা বাকিও ছিল না। কারণ, বেক্সলে ব্যাটিংয়ে নেমে ৩.৩ ওভারে ১০ উইকেটের জয় তুলে নিতে সময় নিয়েছে মাত্র ১২ মিনিট। মাঠে গিয়ে বেকেনহামের স্কোরবোর্ডে ৮ উইকেট দেখার অভিজ্ঞতাটা টুইটে জানিয়েছেন সেই সংবাদকর্মী। এ জন্য স্কটল্যান্ডের হয়ে ৫৭ ওয়ানডে খেলা স্কটিশ বোলার ক্যালাম ম্যাকলিওডকে দুষতে পারে বেকেনহাম।
ম্যাকলিওড মাত্র ৫ রানে ৬ উইকেট নেওয়াতেই তো বেকেনহাম দাঁড়াতে পারেনি। ৯ রানে তাঁরা হারিয়েছে প্রথম ৪ উইকেট, ১২ রানে ৬ উইকেট আর বাকি ৬ রান তুলতে পড়েছে শেষ ৪ উইকেট। দলটির ৫ ব্যাটসম্যান কোনো রান করতে পারেননি। সর্বোচ্চ স্কোর ৪—যেটা কিনা দলটির তিনজনের স্কোর। তবে ৬০০ বলের এই ম্যাচ ৬১ মিনিটে না ৫৯ মিনিটের মধ্যে শেষ (দুই দল মিলিয়ে খেলা হয়েছে ৮৯ বল) হয়েছে, তা নিয়ে সংবাদকর্মীদের মধ্যে মতভেদ আছে।
কিন্তু বেকেনহামের স্কোরটা যে তাদের ১৫২ বছরের ইতিহাসে কোনো ম্যাচে সর্বনিম্ন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেন্ট ক্রিকেট লিগের ইতিহাস এটা কোনো দলের এক ইনিংসে সর্বনিম্ন স্কোরও।