৬৪ বলে সেঞ্চুরি করেও শামসুরের অতৃপ্তি...

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আগেও ঝড় উঠেছে শামসুর রহমানের ব্যাটে। তবে আজ ছাড়িয়ে গেছেন আগের ইনিংসগুলো। জাতীয় লিগে ৬৪ বলে সেঞ্চুরি করেছেন মহানগর ওপেনার। শামসুরের ৬৭ বলের অপরাজিত ১০২ রানের ইনিংসে চার ৮টি, ছক্কা ৫টি। তবুও দুর্দান্ত এই ইনিংস খেলেও অতৃপ্তি থেকে গেছে তাঁর।
ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে যদিও এটি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নয়। ২০১৫ সালে ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন রংপুরের আরিফুল হক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২১ ওভারে ১৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা মহানগর। এর মধ্যে শামসুরের রানই ১০২। মহানগরের পরিকল্পনা ছিল ২০ ওভার ব্যাটিং করে দ্রুত রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করা। পরিকল্পনাটা ভালোই কাজে লাগাতে পেরেছে তারা। দ্রুতলয়ে রান তোলার সুযোগটা কাজে লাগিয়ে তৃপ্ত হলেও শামসুরের অতৃপ্তি অন্যখানে। চট্টগ্রাম থেকে মুঠোফোনে বললেন, ‘নিজের ইনিংস নিয়ে আমি খুশি। এটা আমার সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি (প্রথম শ্রেণির ক্রিকেটে)। তবে ম্যাচটা আমরা জিততে পারিনি। এদিক দিয়ে দুর্ভাগ্য বলতে পারেন। চেষ্টা করেছি ম্যাচটা জিততে। ম্যাচের ফল নিয়ে তাই একটু অতৃপ্তি থেকে গেছে।’
জিততে হলে চতুর্থ ইনিংসে ৫০ ওভারে চট্টগ্রামকে করতে হতো ২৭৪ রান, মহানগরের দরকার ১০ উইকেট। চট্টগ্রাম জয়ের পথে না হাঁটলেও মহানগর কিন্তু জয়ের দিকেই এগোচ্ছিল। ৪০ ওভারে ৯০ রানে ৬ উইকেট হারানো চট্টগ্রাম শেষ পর্যন্ত বেঁচেছে ইরফান শুক্কুর ও কাজী কামরুলের প্রতিরোধে। সপ্তম উইকেটে ৯.৪ ওভারে মাত্র ৭ রান যোগ করে ম্যাচ বাঁচিয়ে দিয়েছেন তাঁরা।
জয়ের সুবাস পাওয়া ম্যাচটা এভাবে ড্র হলে শামসুরের আফসোস না হয়ে পারে? জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনারের বড় সান্ত্বনা হতে পারত ম্যাচ সেরার পুরস্কার। সেটি পেয়েছে প্রথম ইনিংসে ফিফটি ও ম্যাচে ৪ উইকেট পাওয়া মোহাম্মদ আশরাফুল।