৬৫ বছর পর দুই ভাইয়ের ১০ উইকেট

পিঠাপিঠি ভাই হলে খুনসুটি হবেই। নিজ নিজ দাবি আদায়ে হালকা মারামারিও হয়। কার ভাগে কোনো জিনিসটা যাচ্ছে সেটি নিয়ে কাড়াকাড়িও হয় প্রায়শই। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুই ভাইয়ের এমনই কাড়াকাড়ির মুখোমুখি হয়ে প্রাণ হাসফাশ নর্দাম্পটনশায়ারের ব্যাটসম্যানদের। সারের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হয়ে গেছে নর্দাম্পটনশায়ার। তাদের দশটি উইকেটই তুলে নিয়েছেন পিঠাপিঠি কারান ভ্রাতৃদ্বয়।
সারের হয়ে খেলেন দুই ভাই, টম কারান এবং স্যাম কারান । বড় ভাই টমের বয়স ২০ বছর, ছোট স্যামের বয়স মাত্র ১৭। দুজনই পেস বোলার। টম বল করেন ডান হাতে আর স্যাম হলো বাম হাতি। সারের বোলিংয়ের নেতৃত্ব এবার এই দুই ভাইয়ের হাতে। গতকাল দুজনই মিলে এমন কাজ করলেন যা কাউন্টি ক্রিকেট দেখেনি গত ৬৫ বছরে। দুই ভাই মিলেই প্রথম ইনিংসে ধসিয়ে দিয়েছেন নর্দাম্পটনশায়ারকে। বিপক্ষের দশ উইকেটের সব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন এই দুজন। বড় ভাই হিসেবে টম ভাগে একটু বেশি পেয়েছেন। ৩৫ রানের বিনিময়ে সাত উইকেট তাঁর, আর স্যাম তিন উইকেট পেয়েছে ৪৬ রানের বিনিময়ে। তাঁদের বাবা কেভিন কারানও ছিলেন ক্রিকেটার। মজার ব্যাপার হলো প্রয়াত কেভিন কিন্তু খেলতেন নর্দাম্পটনশায়ারেই। এমন এক রেকর্ডের জন্য বাবার দলকেই বেছে নিলেন দুই ভাই।
এর আগে ১৯৫০ সালে দুই ভাই জ্যাক ওকস্ এবং চার্লি ওকস সাসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে এক ইনিংসের সব উইকেট ভাগাভাগি করে নিয়েছিলেন। ৬৫ বছর পর কাউন্টি আবারও এমন চমকপ্রদ ঘটনা দেখলো। সূত্র: এএফপি