৭ উইকেট তুলে নিয়ে তাহিরের রেকর্ড

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে সেরা বোলিং চামিন্ডা ভাসের। ২০০১ সালের ডিসেম্বরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৯ রান দিয়ে ৮ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ইমরান তাহির কাল সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৭ উইকেট। ওয়ানডে ম্যাচে ৭ কিংবা এর বেশি উইকেট তুলে নেওয়া মাত্র দশম বোলার হয়ে গেলেন তাহির। দক্ষিণ আফ্রিকার পক্ষে এটিই সেরা বোলিংয়ের রেকর্ড। আগের রেকর্ডটি করেছিলেন কাগিসো রাবাদা, বাংলাদেশের বিপক্ষে গত বছর।
তাহিরের অনন্য বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা কাল ক্যারিবীয়দের বিপক্ষে পেয়েছে ১৩৯ রানের বিরাট এক জয়। হাশিম আমলার সেঞ্চুরি আর ডি কক ও ফ্যাফ ডু প্লেসির সত্তরের ঘরের দুটি ইনিংসে ৩৪৩ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ১ উইকেটে ৮২-র ভালো শুরু করা ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে গেছে মাত্র ২০৪ রানে। ২১তম ওভার পর্যন্তও দুর্দান্ত জবাব দিচ্ছিল তারা। ৩ উইকেটে তুলে ফেলেছিল ১২১। এরপরই তাহিরের ঘূর্ণি ঝড়ে টালমাটাল ক্যারিবীয়রা। এর মধ্যে নিজের সপ্তম আর ইনিংসের ৩৪তম ওভারেই নিয়েছেন ৩ উইকেট।
ভাস ছাড়া ৮ উইকেট নিতে পারেননি আর কেউ। তবে ৭ উইকেট নেওয়ার কীর্তি তাহিরের আগেও করে দেখিয়েছেন আটজন। ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিস প্রথম ৭ উইকেট নিয়েছিলেন। বাকি সাত বোলার হলেন শহীদ আফ্রিদি, গ্লেন ম্যাকগ্রা, অ্যান্ডি বিকেল, মুত্তিয়া মুরালিধরন, টিম সাউদি, ওয়াকার ইউনিস ও আকিব জাভেদ। মুরালি ও আফ্রিদির পর তৃতীয় স্পিনার হিসেবে এই তালিকায় নাম লেখালেন তাহির।
তাহির কাল আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ ওয়ানডে উইকেটের মালিক এখন তিনিই। পেছনে ফেলেছেন মরনে মরকেলকে। সূত্র: রয়টার্স।