৭ উইকেট নিয়ে দাবি জানিয়ে রাখলেন নাঈম

>খুলনায় শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের আনঅফিশিয়াল টেস্টে ড্র করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ৭ উইকেট নিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শুরু হবে কিছুদিন পরই। নির্বাচকেরা দুজন অফ স্পিনার রাখবেন কি না, তা আজ স্কোয়াড ঘোষণা হলেই জানা যাবে। আপাতত নাঈম হাসান চাপ বাড়িয়েই চলছেন মেহেদী হাসান মিরাজের ওপর। খুলনায় আনঅফিশিয়াল টেস্টে শ্রীলঙ্কা ইমার্জিং দলের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছেন এ অফ স্পিনার। তাঁর ঘূর্ণিতে আজ ২৪৪ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার উদীয়মানরা। ১১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ইমার্জিং দল।
দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার যে ৪ উইকেট পড়েছিল সবগুলোই নিয়েছিলেন নাঈম। কাল বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে কোনো উইকেট পাননি তিনি। আজ ম্যাচের শেষ দিনে ৩ উইকেট নিয়ে ব্যাটিং অর্ডারের লেজ মুড়ে দেন নাঈম। ৪০ ওভার বল করে ৯৩ রানে ৭ উইকেট নাইমের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে ১০২ তোলার পর ড্র মেনে নেয় দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দেন নাঈম। দ্বিতীয় টেস্টে ১ উইকেট নেন তিনি। ৫ সেপ্টেম্বর একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভেন্যু চট্টগ্রামে হওয়ায় নাঈমকে স্কোয়াডে রাখতেও পারেন নির্বাচকেরা। এমনিতে তো ভালোই ফর্মে আছেন। আর অভিষেক টেস্টে নাঈম ৫ উইকেট পেয়েছিলেন চট্টগ্রামের মাটিতেই।