৭ এপ্রিল থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট
বিদেশি খেলোয়াড় কতজন খেলানো যাবে, পুলের খেলোয়াড়ই বা নেওয়া যাবে কতজন করে, ক্লাব ক্রিকেটের বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ ইত্যাদি নিয়ে কয়েকবার উত্তপ্ত হয়ে উঠেছিল পরিবেশ। শেষ পর্যন্ত এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সিসিডিএমের কালকের সভা। তবে মিরপুরের এ সভায়ই ঠিক হয়ে গেছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর তারিখ। ১৭ ও ১৮ মার্চ দলবদল হয়ে লিগ শুরু হবে আগামী ৭ এপ্রিল।
শুরুতে শ্রীলঙ্কা সফরে থাকা জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই খেলতে হবে ক্লাবগুলোকে। ৭ এপ্রিল দেশে ফেরার পর জাতীয় দলের খেলোয়াড়দের দলবদল। তবে মুশফিকরা এবার প্রিমিয়ার লিগে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। আগামী মে–জুনে আয়ারল্যান্ড সফর ও ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিকে উদ্দেশ্য করে ইংল্যান্ডে সপ্তাহ দুয়েকের অনুশীলন ক্যাম্প করবে জাতীয় দল। সব মিলিয়ে প্রায় ৫০ দিনের সফরের জন্য বাংলাদেশ দল দেশ ছাড়বে ২৫ বা ২৬ এপ্রিল। জাতীয় দলের খেলোয়াড়দের লিগে খেলা বন্ধ হয়ে যাবে এর দু-এক দিন আগে থেকেই।
সিসিডিএমের সভায় পুলের খেলোয়াড় নিয়ে ভালোই বিতর্ক হয়েছে। আবাহনী, মোহামেডান ও ব্রাদার্সের প্রতিনিধির দাবি ছিল পুলের খেলোয়াড়েরা থাকবেন উন্মুক্ত। যে দল যতজন পারে, পুলের খেলোয়াড় দলে টানতে পারবে। ভিক্টোরিয়া নীরব থাকলেও বাকি আট দলের সাত দলই এর বিপক্ষে অবস্থান নয়। তাদের দাবি, সব দলকে সমানসংখ্যক পুলের খেলোয়াড় নিতে হবে। প্রতি দলে পুলের খেলোয়াড় থাকবেন দুই বা তিনজন করে।
সংখ্যাগরিষ্ঠের মত বলে শেষ পর্যন্ত এটিই হওয়ার সম্ভাবনা। এই সিদ্ধান্তের সঙ্গে প্রতি দলে বিদেশি খেলোয়াড় কতজন করে খেলতে পারবেন, সে ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ১২ মার্চ অনুষ্ঠেয় সিসিডিএমের পরের সভায়। ঢাকা লিগের বৈশিষ্ট্যে পরিণত হওয়া বাজে ও পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের সমাধান খুঁজতে সিসিডিএম এবং ক্লাব প্রতিনিধিদের আলোচনায় বসার কথা বিসিবির আম্পায়ার্স কমিটির সঙ্গেও।
এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হচ্ছে না প্রিমিয়ার লিগের ম্যাচ। পানিনিষ্কাশনব্যবস্থার উন্নয়নকাজ চলছে সেখানে। মাস ছয়েক লাগবে মাঠটির খেলার উপযোগী হতে। লিগের খেলা তাই হবে বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। বৃষ্টির মৌসুম বলে লিগে এক দিন করে রিজার্ভ ডে থাকবে। দলবদল হবে আগের মতো উন্মুক্ত পদ্ধতিতে।
কাল সভা শেষে সিসিডিএমের সমন্বয়ক আমিন খান জানিয়েছেন, প্রিমিয়ার লিগের ১২ দলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারও অনুদান দেবে। অনুদানের পরিমাণ ৮ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া আরও ৬৬ হাজার টাকা করে দেওয়া হবে জার্সির জন্য। তবে কোনো ক্লাব খেলোয়াড়দের গত মৌসুমের পাওনা পরিশোধ না করে থাকলে তাদের অনুদান আটকে দেবে বিসিবি।