৭ ম্যাচে জয়হীন, এমেরিকে বিদায় দিল আর্সেনাল

>টানা সাত ম্যাচে জয়হীন আর্সেনাল। কোচ উনাই এমেরিকে এর মূল্য চুকাতে হয়েছে বরখাস্ত হয়ে
হার, ড্র, ড্র, হার, ড্র—প্রিমিয়ার লিগের সর্বশেষ পাঁচ ম্যাচে আর্সেনালের ফল ছিল এ রকম। সব মিলিয়ে এবার লিগে ১৩ ম্যাচে জয় মাত্র ৪টি। পয়েন্ট তালিকায় রয়েছে অষ্টম স্থানে। সবাই অপেক্ষা করছিল কোচ উনাই এমেরি কবে বরখাস্ত হবেন। ইউরোপা লিগে গতকাল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর স্প্যানিশ কোচের বরখাস্ত হওয়ার ঘোষণা আসাটা হয়ে পড়েছিল শুধুই সময়ের ব্যাপার। অবশেষে কাল আর্সেনাল আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিয়েছে, ‘উনাই এমেরি আর তার কোচিং দলের সদস্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি আমরা।’
আর্সেনালের সঙ্গে এমেরির সম্পর্ক স্থায়ী হয়েছে ১৮ মাস। আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের পর আর্সেনাল গত বছরের মে মাসে এমেরিকে কোচ করে এনেছিল। চুক্তিটা ছিল দুই বছরের, সঙ্গে আরও এক বছর বাড়াতে পারার একটি শর্তও যোগ করা হয়েছিল চুক্তিতে। এক বছর বাড়বে কী, এমেরির অধীনে দলের যে অবস্থা তাতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৪ মাস আগেই বিদায় করে দিতে হয়েছে তাঁকে।
২০১৬ থেকে ২০১৮—এই দুই বছর পিএসজিকে কোচিং করানো এমেরিকে বরখাস্ত করার কারণ জানাতে গিয়ে আর্সেনাল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা দলের কাছ থেকে যে পারফরম্যান্স আশা করেছিলাম উনাই এমেরির অধীনে সেই পারফরম্যান্স বা ফল কোনোটাই পাইনি। এই কারণেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।’
এমেরি তো গেলেন, এবার কে হবেন আর্সেনালের কোচ? আপাতত সহকারী কোচ ফ্রেডি লিংবার্গই দলের দায়িত্বে থাকছেন। ক্লাব বিবৃতিতে লিখেছে, ‘ফ্রেডি ইয়ানবার্গকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস দলকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে।’