
নিউজিল্যান্ড ইনিংস শেষ হতেই সামাজিক গণমাধ্যমে একটি রসিকতা ছড়িয়ে পড়ল, ‘আরে, চা খেতে গেলাম আর এর মধ্যেই অলআউট নিউজিল্যান্ড!’ এ রসিকতাটাও কারও কাছে কম বলে মনে হতে পারে। ৭ রান ও ২৯ বলের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড, চা খেতে তো এর চেয়েও বেশি সময় লাগে!
এক ওভারেই ৩ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের সপ্তম থেকে নবম উইকেট। ষষ্ঠ ও দশম উইকেটটি রবিচন্দ্রন অশ্বিনের। নিউজিল্যান্ডের সাজানো বাগান এলোমেলো করে দিয়েছেন এই দুই স্পিনারই। পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট জাদেজার, অশ্বিন পেয়েছেন ৪ উইকেট। সকালে টম ল্যাথামকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দিয়েছেন অশ্বিন। একটু পর রস টেলর ও কেন উইলিয়ামসন ফেরার পরই পথ হারিয়েছে নিউজিল্যান্ড। লিড নেওয়ার আশা নিয়ে দিন শুরু করা কিউইরা অলআউট ২৬২ রানে।
প্রথম ইনিংসের ৫৬ রানের লিডকে দিন শেষে ২১৫ রানে নিয়ে গেছেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। লোকেশ রাহুল আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ১০৭ রান। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করলেও সেটিতে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। দ্বিতীয় ইনিংসে দুজনই সেই অতৃপ্তি ঘোচাতে চাইবেন। ক্রিকইনফো।