টানা ৭১ বলে বাউন্ডারি মারতে পারল না ভারত

জাদেজা মান বাঁচিয়েছেন ভারতকেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাক করার মতোই ব্যাপার! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ইনিংসে ৭১ বল বাউন্ডারি মারতে পারেনি ভারত! যে দলের ব্যাটিং লাইনআপ রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্তদের নিয়ে গড়া, সে দল ৭১ বল বাউন্ডারি মারতে পারেনি, ব্যাপারটি বেশ অদ্ভুতই।

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েই বল হাতে র্দুান্ত নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল স্যান্টনার, ইশ সোধিরা আজ শুরু থেকেই চেপে ধরেছেন ভারতকে। সূর্যকুমার যাদবের বদলে ঈশান কিষানকে দলে নিয়ে ইনিংসের শুরুটা করেছিল ভারত। তৃতীয় ওভারের পঞ্চম বলেই আঘাত। কিষানকে স্যান্টনারের ক্যাচ বানিয়ে ফেরান বোল্ট। এরপর লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি—একে একে ফিরলেন। সোধিই একাই ফেরালেন দুই সেরা রোহিত আর কোহলিকে। এরপর থেকেই নির্বিষ ভারতীয় ব্যাটিং। পাওয়ার প্লে’র ৫.১ ওভারে সাউদিকে যখন রাহুল বাউন্ডারির বাইরে পাঠান, তখন কে ভেবেছিল এরপরের ৭১ বলে ভারত কোনো বাউন্ডারিই মারতে পারবে না!

পাওয়ার প্লে’র পর থেকেই ভারতীয় ব্যাটসম্যানরা ধুঁকেছেন। কোনো ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের এত দিশেহারা শেষ কবে লেগেছে, গবেষণার বিষয়। ১৬.৬ ওভারে এসে বাউন্ডারি–খরা কাটায় ভারত। হার্দিক পান্ডিয়া বোল্টের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারেন।

অসাধারণ বোলিংয়ে বাঁচা–মরার ম্যাচে ভারতের ইনিংস থেমেছে ২০ ওভারে ৭ উইকেটে ১১০ রান করে। হার্দিক পান্ডিয়ার সেই বাউন্ডারির পর ভারতের সম্বল ২টি চার ও একটি ছয়। এই তিনটি বাউন্ডারির জন্য রবীন্দ্র জাদেজাকে বড়সড় একটা ধন্যবাদ দিতেই পারে ভারত।

ভারতকে আজ চেপে ধরেছিল নিউজিল্যান্ডের বোলাররা
ছবি: রয়টার্স

১৭.৬ ওভারে অ্যাডাম মিলনেকে বাউন্ডারি মারার পর জাদেজা পরের দুটি মারেন বোল্ট আর সাউদিকে। ১৮.৬ ওভারে বোল্টকে শর্ট ফাইন দিয়ে মারার পর সাউদিকে তিনি ছক্কা মারেন ১৯.৩ ওভারে। জাদেজা ১৯ বলে ২৬ রান করে ভারতের মান বাঁচিয়েছেন। জাদেজার এ ইনিংসটি না হলে যে একশ–ই পেরোয় না ভারতের সংগ্রহ।