৭১৯ বলের প্রতিরোধ ভেঙে গেল ১৪ বলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিদের উল্লাস যেন সিরিজ জয়ের চেয়েও বেশি হলো! ছবি: এএফপি
কোহলিদের উল্লাস যেন সিরিজ জয়ের চেয়েও বেশি হলো! ছবি: এএফপি

১২০তম ওভারের শেষ বলটি করার জন্য বোলিং মার্কে রবীন্দ্র জাদেজা। তখনো কী অটুট দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ! ৭১৯টি বল পার করে দিয়েছে প্রোটিয়ারা। হারিয়েছে মাত্র তিন উইকেট। সেই দক্ষিণ আফ্রিকাকে একেবারে মোক্ষম আঘাত হানল ভারত। যেন গহিনে লুকোনো কৌটোয় রাখা প্রাণভোমরাটাকেই আঘাত! প্রায় ১২০ ওভার মিলিয়ে যারা ৩ উইকেট হারিয়েছিল, তারাই মাঝখানে ১৪ বলের ব্যবধানে হারিয়ে ফেলল ৩ উইকেট! এই ধাক্কাই আর সামলাতে পারল না দক্ষিণ আফ্রিকা।
ধৈর্যের পাহাড় গড়ে অটুট প্রতিরোধ গড়া আর সমান ধৈর্য নিয়ে নিখুঁত আক্রমণের গাইতি দিয়ে একটু একটু করে সেই পাহাড়টাকে ভেঙে ফেলার অসাধারণ এক ম্যাচ উপহার দিল দিল্লি টেস্ট। বিপরীতমুখী এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় ভারতের। শেষ দিনের শেষ সেশনে এসেই পুরোপুরি আত্মসমর্পণ। পতন শেষ ফ্রন্টিয়ারেরও। ১৪৪তম ওভারের প্রথম বলে অলআউট হয়ে ৩৩৭ রানে ম্যাচ হারল দক্ষিণ আফ্রিকা।
সিরিজের নিষ্পত্তি হয়ে গিয়েছিল আগেই। ‘ডেড রাবার’-এর ‘অর্থহীন’ লড়াইটাই অর্থপূর্ণ হয়ে উঠেছিল অন্য এক কারণে। কিন্তু সেই প্রতিরোধের জয় হলো না। জয় হলো প্রতিরোধ ভাঙারই। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই সিরিজ হারল টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি, নয় বছর পর দেশের বাইরে যারা সিরিজ হেরেছে। টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এল ভারতও।
এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে আগের দিনই দুর্দান্ত প্রতিরোধ গড়েছিলেন হাশিম আমলা। দিনের ১৩তম ওভারে ভাঙল আমলার ২৮৮ মিনিট ও ২৪৪ বলে করা ২৫ রানের সেই প্রতিরোধ। তবুও ভালোমতোই সামলে নিচ্ছিলেন ডি ভিলিয়ার্স। ফ্যাফ ডু প্লেসিকে নিয়ে পার করে দিলেন আরও ৩৫ ওভার। পঞ্চম দিনের ভারতীয় উইকেট। কাজটা কঠিন ছিল না মোটেও। পুরো ইনিংসে মাত্র দুই উইকেট জাদেজার। কিন্তু আসল কাজটি করে দিলেন তিনিই। আমলার পর ফেরালেন ডু প্লেসিকেও। একপাশে ডি ভিলিয়ার্স থাকলেও দক্ষিণ আফ্রিকার শুরুর সেই প্রতিরোধ ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত শেষ সাত উইকেট তারা হারাল মাত্র ২৩ ওভারে!
এর মধ্যে ১৩৮.৫ ওভার থেকে ১৪১ ওভার-এই ১৪ বলে হলো বড় সর্বনাশ। পর পর তিন উইকেট হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ১৩৬ থেকে মুহূর্তেই ৮ উইকেটে ১৪০! এর মধ্যে সপ্তম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি ডি ভিলিয়ার্সের। অথচ ৫ উইকেট হাতে নিয়েই চা বিরতিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ সেশনের ওভার তিরিশেক পার করে দিতে ৫ ব্যাটসম্যান তো ছিলই। কিন্তু চা বিরতির পর প্রথম ওভারেই ধাক্কা। সেখান থেকেই ওই ১৪ বলের ‘ভূমিকম্প’।
সময়ের প্রয়োজনে নিজের খেলার ধরন যে একেবারে খোলনলচে বদলে ফেলতে পারেন, তার বড় সাক্ষী ২০১২ সালের অ্যাডিলেড কিংবা গত বছরের কেপটাউন টেস্ট। কেপটাউনে ২২৮ বলে ৪৩ রানের ইনিংসটায় তবু ৬টি চার মেরেছেন, ২০১২ সালে অ্যাডিলেডে ২২০ বলে খেলা ৩৩ রানের ইনিংসে বাউন্ডারি ছিল না একটিও। দুবারই শেষ ইনিংসে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমেছিলেন ডি ভিলিয়ার্স। কেপটাউনে ব্যর্থ হলেও সফল হয়েছিলেন অ্যাডিলেডে।
এবার ২৯৭ বলে মাত্র ৪৩ রানের একটা ইনিংস খেলেছেন ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়া ৩১ বলে সেঞ্চুরির মালিক। রবিচন্দ্রন অশ্বিনের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে তিনিও লড়াইটায় ক্ষান্তি দিলেন। এই অশ্বিনই টানা চতুর্থ ইনিংস তৃতীয়বারের মতো ৫ উইকেট নিলেন। তবে বলতে হবে উমেশ যাদবের কথাও। টানা তিন ওভারে ভিলাস, অ্যাবট আর পিটকে তুলে নিলে দ্রুত প্রোটিয়া-লেজ ছেঁটে দিয়েছেন তিনিই। তবে ম্যাচ সেরা একজন ব্যাটসম্যানই। পুরো সিরিজে মাত্র দুটো সেঞ্চুরি হয়েছে। দুটোই শেষ টেস্টে এসে। ম্যাচে জোড়া সেঞ্চুরি করা অজিঙ্কা রাহানের হাতেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
তবে একটা বিশেষ পুরস্কার হয়তো ডি ভিলিয়ার্সও পেতেই পারতেন! ৩৪৫ মিনিট ধরে উইকেটে থেকেও ফিফটি না করার একমাত্র উদাহরণ হিসেবে ডি ভিলিয়ার্সের ইনিংসটি ঢুকে গেল টেস্ট ইতিহাসে। সুনীল গাভাস্কাররা যখন এ কালের ব্যাটসম্যানদের ‘টেম্পারামেন্ট’ নিয়ে প্রশ্ন তুললেন, এ সময়ের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যানটিই যেন বাকিদের কাছে পাঠিয়ে পাঠিয়ে দিলেন বিশেষ এক বার্তা!