৭২ ঘণ্টা একা থেকে কোহলিদের পেয়েছেন স্টার্ক

অনেক নাটকের পর ভারতের বিপক্ষে খেলছেন স্টার্ক।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেড টেস্টে ভারতের প্রথম ইনিংস দেখে এখন নিশ্চয়ই স্বস্তির নিশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও ভারতকে বেশি দূর এগোতে দেয়নি স্বাগতিক দল। ৪ উইকেট নেওয়া মিচেল স্টার্ক ছিলেন এর পুরোধা।অথচ এই বাঁহাতি পেসার আরেকটু হলেই অ্যাডিলেড টেস্টে বাদ পড়তেন!

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে থাবা বসিয়েছে করোনাভাইরাস। সিডনির উত্তরাঞ্চলের সৈকত এবং তার আশপাশজুড়ে এর প্রকোপ বেড়েই চলছে। এ নিয়ে শুক্রবার অ্যাডিলেড ওভালে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ক্রিকেট সম্প্রচারকদের একটা দল রাজ্য ছেড়েছে। সিডনিতে করোনার প্রকোপের সংস্পর্শে আসতে পারেন, এই ভয়ে বেশ কিছু প্রযোজক ও সদস্যকে বসিয়ে রেখেছে ফক্স স্পোর্টস ও চ্যানেল সেভেন।

এদিকে টেলিগ্রাফের প্রতিবেদক বেন হর্ন জানিয়েছেন, স্টার্ককেও আরেকটু হলে থাকতে হতো মাঠের বাইরে। অস্ট্রেলিয়া জাতীয় দলের এই তারকা পেসারের বাসা সিডনির উত্তরাঞ্চলীয় সৈকত অঞ্চলে। পারিবারিক কারণে গত সপ্তাহে অস্ট্রেলিয়া দলের জৈব সুরক্ষিত পরিবেশ ছেড়ে বাসায় গিয়েছিলেন স্টার্ক। জানা গেছে, পারিবারিক অসুস্থতার কারণে বাসায় গিয়েছিলেন তিনি। ক্রিকেটার স্ত্রী অ্যালিসা হিলির সঙ্গে স্টার্ককে সৈকতেও দেখা গেছে শুক্রবার।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জৈব সুরক্ষিত পরিবেশের মান ধরে রাখা নিয়ে বরাবরই কঠোর। কিন্তু স্টার্কের ক্ষেত্রে দক্ষিণ অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কথা বলে একটু নরম পথে হেঁটেছে তারা।

জাতীয় দলের জৈব সুরক্ষিত পরিবেশে স্টার্ককে ফিরিয়ে আনার আগে ৭২ ঘণ্টা সবকিছু ছেড়ে একা রাখা হয় তাঁকে। মানে, এই ৭২ ঘণ্টা আইসোলেশনে ছিলেন স্টার্ক। এই তিন দিন আইসোলেশনে না থাকলে অ্যাডিলেড টেস্টে খেলতে পারতেন না তিনি।

অস্ট্রেলিয়ার খ্যাতনামা সংবাদকর্মী পিটার লালোরের ভাষ্য, ‘তিনি (স্টার্ক) বড় বাঁচা বেঁচে গেছেন। আইসোলেশনে না গেলে তাঁকে হয়তো মাঠে দেখা যেত না। দক্ষিণ অস্ট্রেলিয়া সরকারের কাছে তাঁর জন্য বিশেষ অনুমতি নিতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। কারণ, তিনি এমন জায়গায় ছিলেন, যেখানে লোকজনকে আইসোলেশনে থাকতে বলা হচ্ছে।’

সিডনির ওই অঞ্চলে গত তিন সপ্তাহের মধ্যে ক্রিকেট সংশ্লিষ্ট কেউ গিয়ে থাকলে তা জানাতে অনুরোধ করেছে সিএ। ঠিক এ কারণেই সাবেক পেসার ব্রেট লিকে বাসায় ফেরত পাঠিয়েছে তারা। এমনকি ভালোবাসার অ্যাডিলেড ওভালে থাকতে পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও খ্যাতনামা ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেলও। তাঁকে ১৪ দিনের আইসোলেশনে পাঠিয়েছে সিএ।

স্টার্ক তাই বোর্ডের প্রতি কৃতজ্ঞ থাকতেই পারেন। আর এই কৃতজ্ঞতা প্রকাশেই বুঝি ৪ উইকেট নিয়েছেন!