৭৩ ইনিংস পর 'ডাক' মারলেন মুশফিক

বলের ফ্লাইটটা বুঝতে পারেননি। বাউন্সটাও ছিল অপ্রত্যাশিত। মুশফিকুর রহিম বলটা ঠেকাতেই চেয়েছিলেন। ডিফেন্সিভ শট। কিন্তু টাইমিংয়ে গড়বড় আর বাউন্স মিলিয়ে বলটা গ্লাভস ছুঁয়ে ভেসে গেল শূন্যে। পেছন থেকে চকিতে এগিয়ে এসে গ্লাভসবন্দী করতে ভুললেন না রেগিস চাকাভা। প্রথম বলেই শূন্য মেরে ফিরলেন মুশফিক, যে শূন্যের স্বাদ তিনি ভুলতেই বসেছিলেন প্রায়।
মুশফিকের সর্বশেষ শূন্যটি ছিল প্রায় তিন বছর আগে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শূন্য মেরেছিলেন মুশফিক। এরপর টেস্ট–ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে ৭৩টি ইনিংসে ‘ডিম’ খেতে হয়নি মুশফিককে, যে অভিজ্ঞতা হলো আজ। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩৫টি ইনিংসে এটি মুশফিকের ১৬তম শূন্য।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে আর্ন্তজাতিক ক্রিকেটে শূন্যবিহীন টানা ইনিংস খেলার রেকর্ডটি ফ্যাফ ডু প্লেসিসের। টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১০৩ ইনিংসে ডাক মারেননি ডু প্লেসিস। শুধু তা–ই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেই শূন্যের সঙ্গে এখনো দেখা হয়নি তাঁর। বর্তমান ক্রিকেটারদের মধ্যে ডু প্লেসিসের পরই মুশফিকের অবস্থান।
তবে শূন্য নামের ব্যাটসম্যানদের এই অনাহুত অতিথিকে ঘোল খাইয়ে ছাড়ার মতো বাঘা বাঘা অনেক ব্যাটসম্যানই কিন্তু এসেছিলেন ক্রিকেট ইতিহাসে। ওয়ানডেতে টানা ১২০ ইনিংসে শূন্য না মারার রেকর্ডটি রাহুল দ্রাবিড়ের। ১৯৯৯ সালের আগস্ট থেকে ২০০৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ানডেতে ডাকের ডাক পাননি দ্রাবিড়। টেস্টে টানা ইনিংসে ডাক–বিহীন থাকার রেকর্ডটা ডেভিড গাওয়ারের। ১৯৮২ সালের আগস্ট থেকে ১৯৯০ সালের ডিসেম্বর পর্যন্ত আট বছরেরও বেশি সময় ধরে টানা ১১৯ ইনিংসে ডাক পাননি গাওয়ার। টেস্টে ডাকবিহীন টানা ১০০ ইনিংস খেলা একমাত্র ব্যাটসম্যানও তিনি।