৭৫ বছরেই পেরেছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার লাগল ১৪১

স্বাদটা আগেই পেয়েছেন টিম পেইন। বল বিকৃতির ঘটনা স্বীকার করায় আগের টেস্টের চতুর্থ দিনে অধিনায়কত্ব করতে পারেননি স্টিভ স্মিথ। সেদিন নেতৃত্বের প্রথম স্বাদ পাওয়ার দিনেই প্রথম হারের তিক্ততাও ছুঁয়েছে তাঁকে। কিন্তু কাগজে-কলমে তো আর অধিনায়ক বলা যাচ্ছিল না পেইনকে। আজ জোহানেসবার্গে সেই আনুষ্ঠানিকতাও হয়ে গেল, অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টস করতে নামলেন পেইন।
অধিনায়কত্বের আনুষ্ঠানিক শুরুটাও মনমতো হয়নি। প্রথমবার টস করতে নেমে হেরেছেন, দলবল নিয়ে নামতে হয়েছে ফিল্ডিংয়ে। অবশ্য মাত্র কদিন আগেই ৩৩ বছর বয়সে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে যার, কদিনের ব্যবধানে তাঁকেই অধিনায়কত্বের গৌরব এভাবে ছুঁয়ে যাবে, সেটাই বা কে জানত! বল বিকৃতির বিপর্যয়ের সুবাদেই অস্ট্রেলিয়ার ৪৬তম টেস্ট অধিনায়ক হলেন পেইন। টেস্টে এত বেশি অধিনায়ক দেখেছে আর মাত্র একটি দেশই—ইংল্যান্ড।
১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের জন্ম দিয়েছিল দুই দল। শুরুটা একসঙ্গে হলেও টেস্ট খেলায় এগিয়ে গেছে ইংল্যান্ড। সেই সঙ্গে পাল্লা দিয়ে এগিয়েছে তাদের অধিনায়কের সংখ্যা। ৪৬তম টেস্ট অধিনায়ক পেতে ১৪১ বছর অপেক্ষা করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। আর ইংলিশরা তাদের ৪৬তম অধিনায়কের দেখা পেয়েছে সেই ১৯৫২ সালেই। এক ম্যাচের জন্য ডোনাল্ড কারকে দায়িত্ব দেওয়ার পর ভুল বুঝতে পেরে পরের ম্যাচেই লেন হাটনকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। চার বছরে দলকে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন টেস্টে ৫৬ গড়ের এই ব্যাটসম্যান। এর মাঝে ১১ ম্যাচে জয় পেয়েছে তাঁর দল। যেকোনো যুগেই একে সাফল্য ধরা যায়।
এখন দেখার বিষয়, অস্ট্রেলিয়ার ৪৬তম অধিনায়ক কেমন করেন। চলতি টেস্টের প্রথম সেশনটা ভালো কাটেনি অস্ট্রেলিয়ার। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ১ উইকেটে ৮৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
অধিনায়ক | দেশ | টেস্ট খেলার বয়স |
৮০ জন | ইংল্যান্ড | ১৪১ |
৪৬ | অস্ট্রেলিয়া | ১৪১ |
৩৭ | ওয়েস্ট ইন্ডিজ | ৯০ |
৩৬ | দক্ষিণ আফ্রিকা | ১২৯ (এর মাঝে ২২ বছর নিষিদ্ধ) |
৩৩ | ভারত | ৮৬ |
৩২ | পাকিস্তান | ৬৬ |
২৯ | নিউজিল্যান্ড | ৮৮ |
১৫ | শ্রীলঙ্কা | ৩৬ |
১০ | জিম্বাবুয়ে | ২৬ |
১০ | বাংলাদেশ | ১৮ |