অবশেষে থামল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়যাত্রা। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা ছয়টি যুব ওয়ানডেজয়ী দলটি কাল হেরেছে ভারতের কাছে। কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কমপ্লেক্সে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৮২ রানে হেরেছে বাংলাদেশের যুবারা।
ব্যাটিংই ডুবিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। স্বাগতিক দলকে ৪৫.৩ ওভারে ১৫৮ রানেই অলআউট করেছিল বোলাররা। ২২ ওভারে অলআউট ৭৬ রানে—বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করতে পারল না এর অর্ধেক রানও। যুব ওয়ানডেতে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন স্কোর। এর তিনটিই ভারতের বিপক্ষে, যার মধ্যে আছে সর্বনিম্ন ৩৪ রানও। ভারতীয় যুবাদের কাছে এই নিয়ে টানা ১১ ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
ইনিংসের প্রথম বলেই উইকেট হারানো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সপ্তম উইকেট পড়ে ৪৯ রানে। অষ্টম উইকেটে সনজিৎ সাহাকে নিয়ে ২৬ রান যোগ করেন শফিউল হায়াত। ইনিংস-সর্বোচ্চ ২৬ রান করে শফিউলের বিদায়ের পর ১ রান তুলতেই অলআউট দল। শফিউল ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু সাঈদ সরকার (১৩)। ভারত অনূর্ধ্ব-১৯ দলের মিডিয়াম পেসার আবেশ খান ৬ ওভারে ৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে টস হেরে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭৬ রানেই স্বাগতিকদের প্রথম ৭ উইকেট তুলে নিয়েছিল। ভারতের শেষ তিন জুটিতে এসেছে ৮২ রান। ওই ৮২ রানেই হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
ভারতীয়দের ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান ওপেনার ওয়াশিংটন সুন্দর ও নয় নম্বর ব্যাটসম্যান জিশান আনসারির। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট করে নিয়েছেন আবদুল হালিম ও সালেহ আহমেদ।