৭৬ রানে পিছিয়ে 'এ' দল
শিশির ভাবানে আর জগদীশ সূচিতের জুটিই শেষ অবধি বাঁচাল কর্ণাটককে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচে সপ্তম উইকেটে এই দুইয়ের মধ্যে গড়ে ওঠা ১২৭ রানের জুটির ওপর ভর করে এই মুহূর্তে ৭৬ রানে এগিয়ে কর্ণাটক। দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফির এই দলটির সংগ্রহ ৮ উইকেটে ২৩৪।
মঙ্গলবার ম্যাচের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস শেষ হয় ১৫৮ রানে। লিটন দাসের ৫০ আর শুভাগত হোমের ৫৫ রানের দুটি ইনিংসই পথ দেখিয়েছিল বাংলাদেশকে।
মামুলি রান পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল কিন্তু খুব খারাপ করেনি। ১০০ রানের মধ্যেই কর্ণাটকের ৬ উইকেট ফেলে দিয়ে ম্যাচে প্রায় ফিরেই এসেছিল মুমিনুল হকের দল। কিন্তু সপ্তম উইকেটে ভাবানে আর সূচিত যুগলই ভাঙনের হাত থেকে রক্ষা করেন কর্ণাটককে। ভাবানের ব্যাট থেকে আসে ৮৮ রান। সূচিত করেন ৪১।
বল হাতে বাংলাদেশের ‘বীর’ ছিলেন শুভাগত হোম আর সাকলাইন সজীব। ডান হাতি অফব্রেক বোলার শুভাগত ৪২ রানে তুলে নেন কর্ণাটকের ৪ উইকেট। বাঁ হাতি স্পিনার সাকলাইন সজীব ৬৭ রানে নিয়েছেন ৩ উইকেট। অপর একটি উইকেট গেছে জুবায়ের হোসেনের ঝুলিতে। সূত্র: ক্রিকইনফো।