৮ ওভারেই ম্যাচ শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুররম মনজুরকে সরাসরি থ্রোতে রানআউট করে কোহলি উচ্ছ্বাসে মেতে উঠলেন পান্ডিয়ার সঙ্গে। কোহলির এই উচ্ছ্বাস শেষ পর্যন্ত গিয়ে মিলেছে ভারতের জয়ের উচ্ছ্বাসে l ছবি: শামসুল হক
খুররম মনজুরকে সরাসরি থ্রোতে রানআউট করে কোহলি উচ্ছ্বাসে মেতে উঠলেন পান্ডিয়ার সঙ্গে। কোহলির এই উচ্ছ্বাস শেষ পর্যন্ত গিয়ে মিলেছে ভারতের জয়ের উচ্ছ্বাসে l ছবি: শামসুল হক

সূর্যাস্তটাকে সূর্যোদয় বলে ভ্রম হয়েছিল! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পশ্চিম গ্যালারির কোল ঘেঁষে সূর্যটা ঘুমিয়ে যাওয়ার পরই আসলে জেগে উঠেছিল সাজানো মঞ্চ। ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে আগের দিনের নিরুত্তাপ আবহ বদলে গিয়েছিল মুহূর্তেই। কিন্তু ফ্লাড লাইটের আলোর সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছিল যে রোমাঞ্চকর ক্রিকেট দেখার আশা, ৮ ওভারের মধ্যেই তার সূর্যাস্ত।
মোহাম্মদ আমির তবু ‘ফিনিক্স’ হতে চেয়েছিলেন। হয়ে গেলেন ‘ইকারুস’। প্রথম ওভারেই ২ উইকেট, পরের ওভারে আরেকটি। কিন্তু রোমাঞ্চকর ম্যাচ দেখার সেই প্রবল ইচ্ছার নিভে যাওয়া সূর্যটাকে আর ফেরাতে পারলেন না। ৮৩ রানের পুঁজি নিয়ে একটু লড়াই-ই কেবল করা যায়, ম্যাচ জেতানো যায় না। ৫ উইকেটের বড় জয়ই তুলে নিল ভারত। এ বছর অষ্টম টি-টোয়েন্টিতে তাদের সপ্তম জয়।
সেই জয়ের নায়ক আসলে কে? শেষটা মনে রাখলে অবশ্যই বিরাট কোহলি। আরও একবার বিরাট সাহস নিয়ে কোহলি দাঁড়িয়ে গেলেন। আমিরের তোপে ৮ রানে ৩ উইকেট হারানো ভারতকে পথ দেখালেন ৫১ বলে ৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। ভুল সিদ্ধান্তের বলি হয়ে না ফিরলে প্রাপ্য ফিফটিটা পেতেই পারতেন। যুবরাজের সঙ্গে তাঁর ৬৮ রানের জুটিটি ততক্ষণে ম্যাচ থেকে অনিশ্চয়তার শেষ রংটাও মুছে দিয়েছে।
চার বছরে নিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামা মোহাম্মদ সামি এই ৩৬ বছর বয়সে ‘আশিস নেহরা’ হয়ে উঠতে চাইলেন ১৫তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে। তাতে ক্ষণিকের উত্তেজনাই ছড়াল কেবল। মহেন্দ্র সিং ধোনির চার থেকেই এল জয়সূচক রান। ম্যাচের তখনো ২৭ বল বাকি! কিন্তু সত্যি বলতে, এই ম্যাচ শেষ হয়ে গেছে ওই শুরুর ৮ ওভারেই।
৩৭৭ দিন দীর্ঘ অপেক্ষার পর এমন ভারত-পাকিস্তান লড়াই কেউ দেখতে চায়নি। গ্যালারিতে যে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান উঠল, তাতে ভারতের পাশাপাশি পাকিস্তান সমর্থকেরাও হয়তো গলা মেলালেন। রোদে পুড়ে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, পুলিশের গুঁতো খেয়ে, কালোবাজারে কয়েক গুণ বেশি দামে টিকিট কেটে খেলা দেখতে আসা দর্শকদের ‘পয়সা উশুল’ হলো না। না হলে গ্যালারিতে ভারতের সিংহভাগ দর্শক থাকার পরও, পাকিস্তানের সমর্থকদের অংশটা প্রায় খালি হয়ে যাওয়ার পরও কেন শেষ ২০ মিনিট তা এমন নিস্তব্ধ থাকবে!
এ মাঠে দুই বছর আগের এশিয়া কাপের লো স্কোরিং ম্যাচটিও শেষ ওভারের রোমাঞ্চ ছড়িয়েছিল। এবার পাকিস্তানের স্কোরটিকে টি-টোয়েন্টি বিবেচনাতেও ‘লো’ বলতেও দ্বিধা হচ্ছে। টি-টোয়েন্টি নাকি চার-ছক্কা হইহইয়ের খেলা। কাল মিরপুরে একটা বলও উড়ে এসে গ্যালারিতে পড়ল না। দুই দল মিলিয়ে চারও মোটে ১৮টি।
স্কোরকার্ড বলবে, পাকিস্তান অলআউট হয়েছে ১৭.৩ ওভারে। কিন্তু বোকা পরিসংখ্যান বলবে না, পাকিস্তানের জেতার আশাটাকে ভারত নকআউট করে দিয়েছে আসলে ঢের আগে। ম্যাচের ৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৪২! নয়ে নেমে ৮ রান করেই ইনিংসের তৃতীয় সর্বোচ্চ রান সামির। সরফরাজের ২৫ ছাড়া পাকিস্তানের ইনিংসে দুই অঙ্ক ছোঁয়ার সৌভাগ্য হয়েছে শুধু খুররম মঞ্জুরের। তবু তাঁর ১০ নয়, দ্বিতীয় সর্বোচ্চ রানের জোগানদাতা ‘মিস্টার এক্সট্রা’র ১৫। বাকি আট ব্যাটসম্যান মিলে মাত্র ২৫ রান!
সামি আর ‘মিস্টার এক্সট্রা’ না থাকলে পাকিস্তান টি-টোয়েন্টিরই সর্বনিম্ন স্কোরগুলোর একটির লজ্জা নিয়ে ফিরত। শেষ পর্যন্ত টি-টোয়েন্টিতে তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর। দ্বিতীয় সর্বনিম্ন এর চেয়ে মাত্র ১ রানই বেশি, দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপে।
৮৩ রান আসলে লড়াই করার মতোও নয়। তবু একজন চেষ্টা করেছিলেন। মোহাম্মদ আমির, সাড়ে পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা আমিরের সত্যিকারের ফেরার সুযোগ হতে পারত এই ম্যাচ। কিন্তু সত্যিকারের নায়ক আসলে ভারতের বোলাররা। আরও স্পষ্ট করে বললে পেসাররা। ভারতের তিন পেসার মিলে ৩৬ রানে ৫ উইকেট।
৮ রানে ৩ উইকেট নিয়ে নেতৃত্বে নবীনতম হার্দিক পান্ডিয়া। ‘২২৮’ জার্সি নম্বরটাই ব্যতিক্রমী, পারফরম্যান্সেও নিজেকে আলাদা করে চেনাচ্ছেন গুজরাটি তরুণ। বোলারদের ম্যাচে শেষ পর্যন্ত ম্যাচ-সেরার পুরস্কার বিরাট কোহলির হাতে। সেটির পেছনেও অবশ্য বোলারদের কৃতিত্বই। শুরুতেই আমিরের ওই তাণ্ডবের কারণেই না কোহলির ৪৯ এমন বহুমূল্য হয়ে গেল!

পাকিস্তান: ১৭.৩ ওভারে ৮৩
ভারত: ১৫.৩ ওভারে ৮৫/৫
ফল: ৫ উইকেটে জয়ী ভারত