৮ জনেরই টেস্ট ক্রিকেট শেষ?

একটা সিরিজেই দলের অর্ধেক খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে যেতে দেখেছেন? যদি আগে দেখে না থাকেন, তবে এবারের অ্যাশেজেই সে রকম ঘটনার সাক্ষী হতে পারেন। অন্তত রিকি পন্টিংয়ের সে রকমই ধারণা। চলতি অ্যাশেজেই অস্ট্রেলিয়ার আট খেলোয়াড়ের টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিন শেষে ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় পন্টিং বলেছেন, ‘এ সফরে অস্ট্রেলিয়া দলে থাকা আটজনের হয়তো আর কখনো টেস্ট খেলা হবে না। এটা বড় একটা সংখ্যা, দলের প্রায় অর্ধেক।’
কিন্তু এই আটজন কারা? দলের সঙ্গে থাকলেও সিরিজ শুরুর আগেই অবসর নিয়েছেন রায়ান হ্যারিস। ক্রিস রজার্স অ্যাশেজ শেষেই অবসর নেবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। এ ছাড়া বাজে ফর্মের কারণে প্রথম টেস্ট খেলেই দল থেকে বাদ পড়েছেন শেন ওয়াটসন। ব্যক্তিগত কারণে লর্ডসে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর আর দলে জায়গা হয়নি ব্র্যাড হাডিনের। শেষ দুজনের টেস্ট ক্যারিয়ারও এই সিরিজেই শেষ বলে মনে করেন পন্টিং, ‘হাডিনের যা বয়স (৩৭) তাতে তার ফেরা অনেক কঠিন হবে বলেই মনে হচ্ছে। একই কথা বলা যায় ওয়াটসনের ক্ষেত্রেও। এই বয়সে (৩৪) ওয়াটসন কি আর ফিরতে পারবে?’
এই চারজনের নাম অবশ্য কিছুটা অনুমিতই। কিন্তু বাকি চারজন? পন্টিং আর কারও নাম উল্লেখ করেননি। শুধু হেসে বলেছেন, ‘আরও কয়েকজন আছে। বলে বিপদে পড়তে চাই না।’ তবে পন্টিং নাম না বললেও কাল অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কও ঘোষণা দিয়ে দিয়েছেন, ওভালে পরের টেস্টটা খেলেই ক্রিকেটকে বিদায় বলবেন।
বাকি তিনজনের নাম জানতেও খুব বেশি অপেক্ষা করতে হবে না। ২০ আগস্ট থেকেই তো ওভালে শুরু হচ্ছে পরের টেস্ট। ক্রিকইনফো।