৮ বছর আর ৮৩ টেস্ট পর পার্থিবের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৩ টেস্ট পর ভারতীয় দলে পার্থিব প্যাটেল। ছবি: ফাইল ছবি
৮৩ টেস্ট পর ভারতীয় দলে পার্থিব প্যাটেল। ছবি: ফাইল ছবি

আট বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন পার্থিব প্যাটেল। এরপর চলে গিয়েছিলেন বিস্মৃতির অতলে। মহেন্দ্র সিং ধোনির উত্থান জাতীয় দলের দরজা বন্ধ করেই দিয়েছিল তাঁর জন্য। ভারতের হয়ে উইকেটকিপার হিসেবে সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষিক্ত এই উইকেটকিপার ব্যাটসম্যান আবারও ফিরছেন ভারতের টেস্ট দলে। ঋদ্ধিমান সাহার চোট পার্থিবের জন্য খুলে দিল ভারতীয় টেস্ট দলের দরজা। এর মধ্যে ভারত খেলে ফেলেছে ৮৩ টেস্ট।
২০০২ সালে ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল পার্থিবের। ক্যারিয়ারে ২০টি টেস্ট খেলেছেন। সাম্প্রতিককালে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলেছেন। ৫৯.২৮ গড়ে করেছেন ৪১৫ রান। ডিসমিসাল আছে ১৭টি।
২০০৮ সালে সর্বশেষ টেস্ট খেলার পর ঘরোয়া ক্রিকেটে যথেষ্টই ধারাবাহিক ছিলেন। গত আট বছরে ঘরোয়া ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটি করেছেন। ৫১.৩১ গড়ে রান করেছেন ৫ হাজার ২শ ৩৪ রান।
ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিককালে এত দীর্ঘ বিরতি দিয়ে টেস্ট খেলার নজির নেই বললেই চলে। এখনকার আধুনিক ক্রিকেটে তা তো আরও বিরল। যখন বাদ পড়েছিলেন, পার্থিবের বয়স মাত্র ২২। সেই পার্থিব ত্রিশের যুবক। যখন বাদ পড়েছিলেন, তাঁর এখনকার টেস্ট অধিনায়ক দৃশ্যেপটেই নেই। ঘরোয়া আর বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়াচ্ছেন। সেই বিরাট কোহলির নেতৃত্বে আবারও খেলতে নামবেন গুজরাটের এই ক্রিকেটার।