৮ বছর পর মুবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্টি রোডসের কথা শুনলেন শ্রীলঙ্কার নির্বাচকেরা। দক্ষিণ আফ্রিকান ফিল্ডিং তারকার পরামর্শ শুনেই জেহান মুবারককে পাকিস্তান সিরিজের টেস্ট দলে নিয়েছেন তাঁরা। প্রায় আট বছর আগে সর্বশেষ টেস্ট খেলা মুবারক রোডসকে মুগ্ধ করেছেন ফিল্ডিং দিয়ে। শ্রীলঙ্কা ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের জন্য আয়োজিত ১০ দিনের প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করতে এসেই মুবারকে মুগ্ধ হয়েছেন একসময়ের বিশ্বসেরা ফিল্ডার।
২০০২ থেকে ২০০৭ সালে মধ্যে ১০টি টেস্ট খেলা মুবারক অবশ্য আছেন রানের মধ্যেও। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ দুই মৌসুমেই হাজারের ওপরে রান করেছেন ৩৪ বছর বয়সী এই বাঁহাতি। ১৬ সদস্যের দলে এখনো টেস্ট না খেলা খেলোয়াড় দুজন—ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা ও বাঁহাতি ব্যাটসম্যান কুশল পেরেরা।
১৭ জুন গলে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। এরপর পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিও খেলবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ক্রিকইনফো।