৮ মাস সময় পাবেন আর্থার, বললেন শোয়েব

নিয়োগ পেয়েই পাকিস্তান ক্রিকেটকে বদলে দেওয়ার চিন্তা শুরু করেছেন মিকি আর্থার। বিশৃঙ্খলায় ভরা পাকিস্তান ক্রিকেটে কঠিন শৃঙ্খলায় বাঁধতে চাইছেন আর্থার। দক্ষিণ আফ্রিকান এই কোচকে পেয়ে আশায় বুক বাঁধছেন শোয়েব আখতার। সঙ্গে সতর্কও করে দিয়েছেন, আট মাসের মধ্যেই যা করার করতে হবে না হলে বিদায় নিতে হবে তাঁকে।
ওয়াকার ইউনিসের পদত্যাগের পর কোচ খুঁজে ফিরছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব পালন করা আর্থারকেই মনে ধরেছে পিসিবির। পাকিস্তান ক্রিকেটের সুদিন ফিরে পেতে এ নিয়োগকে যথার্থ মনে হয়েছে শোয়েবের, ‘নিয়মানুবর্তী কোচ হিসেবে পরিচিত আর্থার। তিনি বেশ উদ্ভাবনী কোচও। পাকিস্তান ক্রিকেটে এই দুটি বিষয় খুব প্রয়োজন। আমাদের খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তনের ক্ষমতা তাঁর আছে। আমি আশাবাদী। কিন্তু কখন থামতে হবে সেটাও তাঁর জানতে হবে।’
আগামী কিছুদিন বেশ ব্যস্ত সময় কাটাতে হবে আর্থারকে। জুলাইয়ে ইংল্যান্ড সফর দিয়ে শুরু, এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরও আছে। আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজও খেলবে পাকিস্তান। শোয়েবের ধারণা, আগামী এই চারটি সিরিজই আর্থারের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে, ‘আট মাসের মধ্যেই আমরা জানতে পারব তিনি কোনো পরিবর্তন আনতে পারবেন নাকি অন্যদের মতোই চলে যেতে হবে। কারণ এই সময়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলব। এর মধ্যে হয় আমাদের খেলা সংক্রান্ত চিন্তাভাবনা পালটে ফেলবেন তিনি নতুবা বিদায় বলে দেবেন।’
তবে শেষ পর্যন্ত কোচ নয়, পাকিস্তানের ভালো করাটা খেলোয়াড়দের দায়িত্ব বলেই মনে করেন এই সাবেক ফাস্ট বোলার। তাই শৃঙ্খলার চেয়ে খেলোয়াড়দের দায়িত্ববোধ বাড়ানোতেই গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘একজন পেশাদার ক্রিকেটার ভালোভাবেই জানে কী করলে তাঁর জন্য ভালো । আমি যখন খেলতাম তখন বেশ কয়েকজন ছিল যারা খুব একটা শৃঙ্খলা মানত না কিন্তু ম্যাচের দিনে শুধু খেলার দিকেই মনোযোগ দিত তারা। সে জন্যই আমরা এত ভালো খেলতাম।’