৮ রানের আক্ষেপ করুনারত্নের

অর্ধশতকের দেখা পাননি করুনারত্নেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র ৮ রান!

দিমুথ করুনারত্নে ৪২ রানে ব্যাটিং করার সময় কি এমনটাই ভেবেছিলেন? তাতে কি মনঃসংযোগে চিড় ধরেছিল? হতেও পারে। আবার না–ও হতে পারে।

তবে ৪২ রানে আউট হওয়ায় বিশ্ব রেকর্ডের তালিকায় যোগ দিতে না পারার আক্ষেপটা থাকবে শ্রীলঙ্কান ওপেনারের।

এই ইনিংসেও অর্ধশতকের দেখা পেলে যে টেস্টে টানা সাত ইনিংসে ন্যূনতম অর্ধশতক তুলে নেওয়ার রেকর্ডে নাম লেখাতেন করুনারত্নে। ক্রিস রজার্স, লোকেশ রাহুল, কুমার সাঙ্গাকারা, শিবনারায়ন চন্দরপল, এন্ডি ফ্লাওয়ার ও স্যার এভারটন উইকস রয়েছেন এ তালিকায়।

অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত নিশাঙ্কা
ছবি: এএফপি

তবে করুনারত্নের মতো হতাশা নিয়ে গলে বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম দিন শেষ করেনি শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে চা-বিরতি পর্যন্ত মাঠে একটি বলও গড়ায়নি। টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৩৪.৪ ওভারে ১ উইকেটে ১১৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে।

৬১ রানে অপরাজিত ওপেনার পাথুম নিশাঙ্কা। ২ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন ওশাদা ফার্নান্দো। ৪২ রান করে রোস্টন চেজকে ফিরতি ক্যাচ দেন করুনারত্নে। আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই প্রথম দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

ওয়েস্ট ইন্ডিজ দুটি রিভিউ নষ্ট করেছে। নিশাঙ্কার বিপক্ষে এলবিডব্লুর সিদ্ধান্ত না দেওয়ায় রিভিউ নিয়ে ব্যর্থ হয় সফরকারী দল। এরপর ফার্নান্দোর বিপক্ষেও রিভিউয়ে সফলতার মুখ দেখেনি ক্যারিবিয়ানরা।