
পাল্লেকেলে টেস্ট নিয়ে যেন অদৃশ্য একটা লড়াই চলছে বৃষ্টির দেবতা আর বোলারদের মধ্যে। দুই দলের বোলাররা ঠিক করেছেন এই টেস্টটা যত দ্রুত সম্ভব শেষ করে দেবেন। ওদিকে বৃষ্টির দেবতা চাইছেন যে করেই হোক পঞ্চম দিন পর্যন্ত নিয়ে যেতে। আপাতত সেই লড়াইয়ে বোলাররাই এগিয়ে। দুই দিনে টেনেটুনে চার সেশন খেলা হয়েছে, এরই মধ্যে পড়েছে ২১ উইকেট। বৃষ্টি যতই বাগড়া দিক, এ টেস্ট পঞ্চম দিন পর্যন্ত গড়ালে সেটি বিস্ময়করই হবে।
আগের দিন ছিল অস্ট্রেলিয়ান বোলারদের দাপট। কাল সেই ‘দায়িত্ব’ কাঁধে তুলে নিলেন দুই শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ আর লক্ষ্মণ সান্ডাকান। দুজনই চারটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছেন ২০৩ রানে। তারপরও প্রথম ইনিংসে ৮৬ রানের লিড অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ রানেই ১ উইকেট হারিয়ে বসে আছে।
কিছুটা অনুমিতই ছিল, হেরাথ পুরো সিরিজেই ভোগাতে পারেন অস্ট্রেলিয়াকে। তবে কাল বড় চমকটা দেখিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা শ্রীলঙ্কার চায়নাম্যান বোলার সান্ডাকান। ৫৮ রানে নিয়েছেন ৪ উইকেট—টেস্ট অভিষেকে কোনো চায়নাম্যান বোলারের সেরা বোলিং। সান্ডাকান ভেঙেছেন ৮১ বছর পুরোনো এক রেকর্ড। ১৯৩৫ সালে অস্ট্রেলিয়ার চাক ফ্লিটউড স্মিথ অভিষেকে ৪ উইকেট নিয়েছিলেন ৬৪ রান দিয়ে।
টেস্ট অভিষেকে আলো ছড়ানো সান্ডাকানকে অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই দারুণ সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছিল। সারাকেনস স্পোর্টস ক্লাবের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক, পরের মৌসুমেই (২০১৩-১৪) কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে লিগের সর্বোচ্চ উইকেটশিকারি। ২০১৪ সালে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরে ওয়ানডে দলে ডাকও পেয়েছিলেন। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে সর্বশেষ মৌসুমে আরও একবার লিগের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর তাঁর আন্তর্জাতিক অভিষেকটা স্রেফ সময়ের ব্যাপারই ছিল।
দুই স্পিনারের দাপটের পর আবার ব্যাট করতে নেমে পুরোনো চেহারাতেই শ্রীলঙ্কার ব্যাটিং। তবে ৬ রানেই কুশল পেরেরাকে হারানোর পর লঙ্কানদের ‘সাহায্যে’ এগিয়ে এসেছে বৃষ্টি। আগের দিনের মতো কালকের পুরো শেষ সেশনটাও ভেসে গেছে বৃষ্টিতে। দুই দিন মিলিয়ে তাই খেলাই হয়েছে মাত্র ১১৬ ওভার! ক্রিকইনফো।