৮১ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন অচেনা সান্ডাকান

পাল্লেকেলেতে বৃষ্টির রাজত্ব চলছেই। চলছে উইকেট-বৃষ্টিও। দুই দিনে ৬৮ ওভারের মতো কম খেলা হলেও উইকেট কিন্তু পড়েছে ২১টি। অস্ট্রেলিয়াকে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই প্রথম উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে মাত্র ২০৩ রানে অলআউট করে দিয়েও ৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকেরা।
এর আগে প্রথম দিনের হতাশাটা কাটিয়ে উঠেছিল শ্রীলঙ্কা। নেতৃত্ব দিয়েছেন এই ম্যাচেই অভিষিক্ত লক্ষণ সান্ডাকান। চায়নাম্যান বোলার হিসেবে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন সান্ডাকান। ভেঙেছেন ৮১ বছর পুরোনো এক রেকর্ড। ৫৮ রানে ৪ উইকেট পেয়েছেন সান্ডাকান। টেস্ট ইতিহাসে অভিষেকে তাঁর চেয়ে ভালো বোলিং আর কোনো বাঁহাতি লেগ স্পিনার করেননি। অস্ট্রেলিয়ান চাক ফ্লিটউড স্মিথ ১৯৩৫ সালে অভিষেকে ৪ উইকেট পেয়েছিলেন ৬৪ রান দিয়ে।
২ উইকেটে ৬৬ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। শুরুতেই ধাক্কা, মাত্র ৪ রানেই ফিরে গেলেন আগের দিনে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও উসমান খাজা। ৬০ রানের এক জুটিতে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন অ্যাডাম ভোজেস ও মিচেল মার্শ। কিন্তু এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। রঙ্গনা হেরাথ ও সান্ডাকানের স্পিনে থিতুই হতে পারেননি কেউ। সান্ডাকানের বাঁহাতি লেগ স্পিনে নাজেহাল হয়েছেন প্রায় সবাই। সর্বোচ্চ ৪৭ রান ভোজেসের। স্টিভ ও’কিফ, মিচেল স্টার্ক ও নাথান লায়নরা মিলেই অস্ট্রেলিয়াকে ২০০ পার করে দিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ রানেই ১ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। এরপরই বৃষ্টি নামায় চা-বিরতিতে যায় দুই দল। কিন্তু বৃষ্টির কারণে শেষ সেশনে আর খেলা হয়নি। গতকালও চা-বিরতির পর খেলা হয়নি। তবে এর মাঝেও উইকেট-বৃষ্টি চলেছে। দুই দিনে মাত্র ১১৬ ওভারেই পড়ে গেছে ২১ উইকেট। শ্রীলঙ্কা প্রথম ১১৭ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয় দুই শ পার করেই। দ্বিতীয় ইনিংসে কী হয়, সেটাই দেখার। সূত্র: টেন ক্রিকেট।